১৯৪৯-২০১৯। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দলটি গত ৪৮ বছরের মধ্যে ক্ষমতায় ছিল ২০ বছরেরও কম সময়। এর মধ্যে ২০০৯ এর জানুয়ারি থেকে একটানা প্রায় ১০ বছর ক্ষমতায়। দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী। ১৯৯৬ সালের মাঝামাঝি থেকে পরের পাঁচ বছরেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ১৯৭৫ সালেল ১৫ আগস্টের চরম বিপর্যয়ের ২১ বছর পর তিনি দলকে ক্ষমতায় নিয়ে আসার কৃতিত্ব দেখাতে পারেন। এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। নতুন বছর শুরু হতেই মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ পূরণ হবে। তার পরের বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। ৭০ বছরের ঐতিহ্যবাহী দলটির জন্য এ দুটি বছর বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই।
শুদ্ধি অভিযানের পটভূমিতে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আরও কিছু বিষয় বিবেচনায় নিতে পারেন। আওয়ামী লীগ এবং তার সরকারের সামনে এখন কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা:
এক্ষেত্রে কৃষি ও কৃষককে বড় ধরনের আর্থিক প্রণোদনা দেওয়ার পাশাপাশি চাল-ডাল-মাছ-তেল-লবণের মতো পণ্যের বাজার সহনশীল মাত্রায় রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে- এটা সত্য। কিন্তু কৃষক ফসলের ন্যায্য মূল্য পেল না, অথচ বাজারে কৃষি পণ্যের মূল্য আকাশছোঁয়া -এটা কি গ্রহণযোগ্য?
শিক্ষার প্রসার:
পাঁচ কোটিরও বেশি ছাত্রছাত্রী। কিন্তু উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের চাকরির ব্যবস্থা কীভাবে হবে? মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় শ্রমের বাজার ঠিক থাকবে তো? রেমিট্যান্স প্রবাহ ধরে রাখা যাবে তো? প্রবাসে কাজের সুযোগ আকস্মিকভাবে কমে গেলে উপযুক্ত বিকল্প আছে কি?
ধর্মান্ধতার হাত থেকে নিস্তার পাওয়া:
এই পথ অনুসন্ধানও গুরুত্বপূর্ণ। জঙ্গিবাদ দমনে সরকারের সাফল্য দেশ-বিদেশের সুধী মহলে প্রশংসিত। কিন্তু সমাজের ভেতরে যে অসহিষ্ণুতা বাসা বাঁধছে সেটা নিয়ে আওয়ামী লীগের র্যাঙ্কস কতটা ভাবে? গুজব রটিয়ে লবণের বাজার অস্থিও করা যায়। আবার গুজব রটিয়ে হিন্দু-বৌদ্ধদের সর্বনাশও করা যায়।
পদ প্রত্যাশি:
কেবল দলের পদ নয়, জাতীয় সংসদ বা স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের মেয়র-কাউন্সিলর-চেয়ারম্যান-সদস্য পদ পেতেও তারা ব্যাকুল। এখন জাতীয় সংসদ, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ- সর্বত্র আওয়ামী লীগের জয়জয়কার। পাকিস্তান আমলে বা জিয়াউর রহমান-এইচ এম এরশাদের নিষ্ঠুর সামরিক শাসনের আমলে সেনাছাউনির প্রেরণায় গঠিত ভূঁইফোর দলও এমন সাফল্য দেখাতে পারেনি। এটা বিশাল শক্তি, সন্দেহ নেই। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে এই শক্তির অমিত সম্ভাবনা আরও ভালভাবে কাজে লাগানোর বিষয়ে চুলচেড়া আলোচনা হতেই পারে। এই শক্তির শক্তির অপচয় হচ্ছে কী-না, অপব্যবহার হচ্ছে কী-না, কেউ ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে এ ক্ষমতার কাজে লাগায় কী-না, সেটাও পর্যালোচনার দাবি রাখে। বড় ভাইদের হাত থেকে দলকে বাঁচানো:
ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জেলায় গেছেন, বড় সমাবেশে বক্তব্য রেখেছেন। কিন্তু বেশিরভাগ বক্তা স্থানীয় আওয়ামী লীগ নেতা। তাদের বক্তব্যে ছাত্রছাত্রীদের প্রসঙ্গ নেই। শিক্ষার কথা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে আরও বেশি করে বঙ্গবন্ধুর দর্শন, শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গঠনের পরিকল্পনা ছড়িয়ে দেওয়া যায়- সেসব নেই। কমিটি গঠনের প্রশ্ন এলে বলা হয়- এসব নিয়ে তোমাদের ভাবার দরকার নেই। ‘বড় ভাই’ সব ঠিক দেবেন। ছাত্রলীগ এ অবস্থা থেকে কবে বের হতে পারবে, তার হদিস ওই সব ছাত্রনেতা দিতে পারেননি। অন্য কেউ পারবে কী? আওয়ামী লীগের জেলা-উপজেলা কমিটি গঠনের চিত্রও ভিন্ন কিছু নয় কিন্তু।
‘ত্যাগী এবং রাজপথের সাহসী’ নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি সর্বত্র ধ্বনিত হয়। কিন্তু ৭০ বছরের অভিজ্ঞ দলটির সামনে এখন এক সময়ে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করা দেশটিকে উন্নত বিশ্বের সাড়িতে নিয়ে যাওয়ার যে চ্যালেঞ্জ, তাতে জয়ী হতে হলে চাই যে আরও বেশি কিছু।