দীর্ঘদিন ধরে নানা মামলায় কারাগারে বন্দি আছেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মোট ১৭ টি মামলা তাঁর বিরুদ্ধে বিচারাধীন রয়েছে। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় সাজা পেয়েছেন তিনি। বর্তমানে আপিল বিভাগে থাকা এই মামলায় বেগম জিয়ার জামিন আবেদনের শুনানি হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। শুনানিটি হবে আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চে।
এর আগে, জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় গত বছর ২৯ অক্টোবর খালেদা জিয়াকে ৭ বছর কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে ঢাকার বিশেষ জজ আদালত। এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। একইসঙ্গে জামিনের আবেদন করা হয়। হাইকোর্ট গত ৩১ জুলাই জামিনের আবেদন সরাসরি খারিজ করে দেন। এই খারিজের রায়ের বিরুদ্ধে গত ১৪ নভেম্বর আপিল করেন খালেদা জিয়া। গত ২৫ নভেম্বর এই জামিনের আবেদন আপিল বিভাগে উপস্থাপিত হলে আদালত ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেন।