যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঙ্গে কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খলার কারণে দায়িত্ব পালনে বেগ পেতে হয়েছে সাংবাদিকদেরও।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কার্যালয়ে সামনে নেতাকর্মীদের সঙ্গে নতুন নেতৃদ্বয়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় কেন্দ্রীয় নেতারা বারবার মাইকে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য শৃঙ্খলা বজায় রাখার কথা বলেও তা কোনো কাজে আসেনি। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মানতে দেখা যায়নি যুবলীগের তৃণমূলের কোনো নেতাকর্মীকে।
সেলফি ও ক্যামেরাবাজিতে মেতে ছিল নেতাকর্মীরা। নতুন নেতৃদ্বয়ের কাছে নিজেদের জানান দিতে ধাক্কাধাক্কিও কম হয়নি আজকের অনুষ্ঠানে। যুবলীগের অনুষ্ঠান কাভার করতে আসা সাংবাদিকরাও হেনস্তার শিকার হয়েছে নেতাকর্মীদের হাতে। বাদ যায়নি নগর যুবলীগের নেতাও। সাংবাদিকদের জন্য সংরক্ষিত এলাকাতেও বিশৃঙ্খল নেতাকর্মীরা ছুটে আসে। এ সময় দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ নেতাকর্মীদের সাংবাদিকদের জায়গা ত্যাগ করতে বললে তাকে ধাক্কা দেন যুবলীগের কয়েকজন কর্মী। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যুবলীগের কর্মীরা অনুষ্ঠান কাভার করতে আসা একটি বেসরকারি টেলিভিশনের নারী সাংবাদিকের সঙ্গেও অশোভন আচরণ করেন। ততক্ষণাৎ কেন্দ্রীয় নেতারা এ বিষয়টি জানতে পেরে অভিযুক্ত কর্মীর বিচার করে সমস্যার সমাধান করেন।
বারবার তৃণমূলের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে থাকার কথা বললেও আমলে নেয়নি তারা। যুবলীগের নতুন চেয়ারম্যান ফজলে শামস পরশ প্রথম অফিসে আসেন আজ। তার সঙ্গে ছিলেন যুবলীগের নতুন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নতুন নেতৃদ্বয় অনুষ্ঠানস্থলে আসেন সাড়ে ১২টায়। বিশৃঙ্খলার কারণে ফুলেল শুভেচ্ছা না নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েই অনুষ্ঠান শেষ করেন তারা।