বাংলাদেশ জাতীয় পার্টির প্রায়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদের দেখভাল নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে তার মা বিদিশা সিদ্দিক এবং এরশাদের গঠিত ট্রাস্টি বোর্ডের মধ্যে। তবে আজ এরিক নিজেই আবারো মায়ের সঙ্গে থাকার কথা বললেন।
সোমবার দুপুরে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মা এখানে আসার পর আমি আগের চেয়ে ভালো আছি। মা আসাতে আমার দেখাশোনা ভালো হচ্ছে। সকল প্রতিবন্ধী সন্তানের মতো আমিও আমার মাকে সঙ্গে রাখতে চাই। মায়ের সঙ্গে এক সাথে থাকতে চাই। মা আমার সঙ্গে থাকবে। কারণ তিনি তো আমার একমাত্র লিগ্যাল অভিভাবক, চাচাতো না।
আরেক প্রশ্নের জবাবে এরিক এরশাদ বলেন, এখন সবাই চাচ্ছে আমি মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আমি সবাইকে আমার চাচা (জিএম কাদের) এবং খালেদ সাহেবকে (এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মো. খালেদ আখতার) বলতে চাই, সম্পত্তি চাইলে দিয়ে দিব কিন্তু মাকে ছাড়তে পারবো না।
উল্লেখ্য, গেলো সপ্তাহের সোমবার বিদিশার সাথে এসেই এরিক নিজে গুলশান থানায় উপস্থিত হয়ে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছিলেন। যেখানে এরিক তার বারিধার বাড়িতে মা বিদিশাকে রাখতে চাওয়ার কথা জানান।