নারায়ণগঞ্জের বন্দর নগরীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে মুসলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত রিয়া চাদের ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের সঙ্গে সঙ্গে মামলা নিয়ে পিতা মুসলিম মিয়াকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মামলা সূত্রে জানা গেছে, লক্ষণখোলা এলাকার কালাম মিয়ার বাড়িতে স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাড়া থাকতেন মুসলিম মিয়া। স্ত্রী কোহিনূর গার্মেন্টসে কাজে গেলে সে প্রায়ই মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করতো। লোক লজ্জার ভয়ে মেয়ে কাউকে কিছু বলতো না। দীর্ঘ ১ বছর যাবত সে মেয়েকে ধর্ষণ করে আসছিলো।
পিতার অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে অবশেষে মেয়ে ঘটনাটি তার মাকে জানায়। পরে মা তার মেয়েকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
এতে মুসলিম ক্ষিপ্ত হয়ে মা-মেয়েকে নানাভাবে হুমকি দিতে থাকে। অবশেষে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে এলাকাবাসীর সহায়তায় বুধবার থানায় গিয়ে মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে।