ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নীল নয়, অস্ট্রেলিয়ার এই হ্রদের রঙ গোলাপি, কেন জানেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 6:47 PM

নীল নয়, অস্ট্রেলিয়ার এই হ্রদের রঙ গোলাপি, কেন জানেন?

নীল নয়, অস্ট্রেলিয়ার এই হ্রদের রঙ গোলাপি, কেন জানেন?

অনেকেই অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন লম্বা ছুটিতে। প্লেনের জানলা দিয়ে আকাশও ছুঁয়ে ফেলেছেন। হঠাৎই চোখ পড়ল নিচের দিকে। গাছপালার ফাঁক দিয়ে উঁকি মারছে গোলাপি রঙের হ্রদ। না! একেবারেই কল্পনা নয়, অস্ট্রেলিয়ায় এমন অসংখ্য গোলাপি হ্রদ রয়েছে। তা, হ্রদের পানি নীল না হয়ে গোলাপি কেন?

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মিডল আইল্যান্ডে রয়েছে অন্যতম বিখ্যাত গোলাপি হ্রদ লেক হিলিয়ার। তবে নীল হোক বা গোলাপি, লেক হিলিয়ারের জলে গা ভাসাতে অনেকেরই উৎসাহের শেষ নেই। কেন? এই হ্রদের পানিতে লবণের পরিমাণ এতটাই বেশি যে, ডেড সি-এর মতো এখানেও গা ভাসিয়ে থাকা যায়, ডোবার কোনো শঙ্কা নেই। তা হলে এখানে পর্যটকদের ভিড় দেখা যায় না কেন? আসলে একেবারে ছোট্ট এই দ্বীপে পৌঁছনো খুব একটা সহজ নয়। বোট বা হেলিকপ্টারে যাওয়া গেলেও দ্বীপটি বেশি দুর্গম বলে জানা যায় ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে।

হিলিয়ার লেকের পানি গোলাপি রঙের কেন? এ নিয়ে কৌতূহলের শেষ নেই। দীর্ঘ দিন ধরে বিজ্ঞানীরা এর কারণ খুঁজে চলেছেন। অনেকেই ভাবতেন, লেক হিলিয়ারে লবণের পরিমাণ বেশি হওয়াতেই তার পানির রঙ নীল নয়। অনেকের আবার মত ছিল, ওই লেকে মাইক্রোঅ্যালগি বেশি থাকাতেই তার রঙ গোলাপি। তবে সম্প্রতি সে রহস্য ভেদ হয়েছে। ২০১৫ সালে মিডল আইল্যান্ডের লেক হিলিয়ারের পানির রঙ নিয়ে গবেষণা শুরু করেন এক্সট্রিম মাইক্রোবায়োমি প্রজেক্ট (এক্সএমপি)-এর এক দল বিজ্ঞানী। সে হ্রদের পানি কেন গাঢ় গোলাপি, তার সন্ধান শুরু করেন তারা।

এক্সএমপি’র বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন, লেক হিলিয়ারের আশপাশের লবণাক্ত পরিবেশে বেশ কিছু এক্সট্রিমোফিল থাকার জন্য হয়তো তার পানির এ রকম রঙ। এক্সট্রিমোফিল হলো তীব্র প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারা কিছু আণুবিক্ষণিক জীব।

মিডল আইল্যান্ডে গিয়ে বিজ্ঞানীরা প্রথমেই লেক হিলিয়ারের পানির নমুনা সংগ্রহ করেন। এরপর এক্সট্রিমোফিলগুলোর ডিএনএ বিশ্লেষণ করেন তারা। 

কী মেলে সে পরীক্ষায়? পরীক্ষা-নিরীক্ষার পর বিজ্ঞানীরা দেখেন, লেক হিলিয়ারের পানিতে রয়েছে দশ ধরনের ব্যাকটিরিয়া, যারা লবণাক্ত পরিবেশে থাকতে ভালবাসে। তা ছাড়াও এখানে রয়েছে, বিভিন্ন প্রজাতির ডানালিয়েলা অ্যালগি বা শ্যাওলা। যার বেশির ভাগের রঙই সবুজের পরিবর্তে গোলাপি বা লাল রঙের।

এ ধরনের শ্যাওলার রঙের জন্যই কি লেক হিলিয়ারের জলের রঙ গোলাপি? না! এর থেকে অবাক করে দেওয়া তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। ওই নমুনায় যে সব ব্যাকটিরিয়া মিলেছে, তার মধ্যে ছিল এক বিশেষ ধরনের ব্যাকটিরিয়াও। বিজ্ঞানীরা জানান, লেক হিলিয়ারের পানির যে নমুনা সংগ্রহ করেছেন তারা, তার ৩৩ শতাংশ জুড়ে ছিল স্যালিনিব্যাকটের রাবার নামের এক বিশেষ ব্যাকটিরিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status