|
রংমিস্ত্রি হাবিব হত্যার লোমহর্ষক বর্ণনা দিল আল-মামুন
নতুন সময় ডেস্ক
|
![]() রংমিস্ত্রি হাবিব হত্যার লোমহর্ষক বর্ণনা দিল আল-মামুন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের দীর্ঘ ১২ দিন পর শুক্রবার প্রধান আসামি আল-মামুনকে ঢাকার আশুলিয়ায় তার ফুফুর বাড়ি থেকে আটক করা হয়। থানা হেফাজতে প্রাথমিক স্বীকারোক্তিতে আল-মামুন বলেছে, সে একাই একটি ছোরা দিয়ে রংমিস্ত্রি হাবিবকে জরাই করে হত্যা করেছিল। পরে লাশ গুম করার জন্য ওই ভবনের নিচতলায় পানির রিজার্ভ ট্যাংকে ফেলে দিয়েছিল। শুক্রবার রাতে থানা হেফাজতে থাকা আল-মামুন বলেন, প্রায় একবছর আগে একটি ঘটনাকে কেন্দ্র করে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর আমি খুলনায় চলে আসি। কাজের সন্ধানে সম্পর্ক হয় রংমিস্ত্রী হাবিব খানের সাথে। এরপর হাবিবের সহযোগী হিসেবে রং এর কাজ শুরু করি। অভয়নগরে সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকারের নবনির্মিত সাততলা ভবনের রঙের কাজ করার সময় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাবিবের সাথে আমার বাকবিতণ্ডা হয়। ওই ভবনের দ্বিতীয় তলায় আমি ও হাবিব ছাড়া আর কেউ থাকত না। কাজ করা বাবাদ হাবিবের কাছে ৫২০০ টাকা পাওনা ছিল। গত ১৩ অক্টোবর রবিবার দুপুরে সেই টাকা চাইলে হাবিব আমাকে মাত্র পাঁচ শ টাকা দেন। সব টাকা চাইলে আমাকে বটি দিয়ে কোপাতে আসেন। তখনই আমি হাবিবকে খুন করার পরিকল্পনা করি। মামুন আরো বলেন, পরদিন রবিবার বাজার থেকে ১০ পিস ঘুমের ট্যাবলেট ক্রয় করি। সেই ট্যাবলেট রাতে আলু ভর্তার সাথে মিশিয়ে হাবিবকে খাওয়াই। ওই ভবনের দ্বিতীয় তলার রাত আনুমানিক ২টার সময় লুকিয়ে রাখা চাকু দিয়ে ঘুমে অচেতন হাবিবকে আমি দুই দফায় জবাই করি। পরে নিচতলার পানির রিজার্ভ ট্যাংকে হাতে ও পায়ে ইট বেঁধে ফেলে দিয়ে বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন মুছে ফেলি এবং চাকুটি দুই তলার একটি কমোডে ফেলে ফ্লাশ করি। রক্তমাখা জামাকাপড়গুলো কার্নিশে লুকিয়ে রেখে গোসল করে ভোররাতে ভবনের পেছনের গেট দিয়ে পালিয়ে যাই। সকালে বাসে করে প্রথমে চুড়ামনকাঠি খালা বাড়ি যাই এবং পরে নড়াইলের লোহাগড়ায় দাদা বাড়িতে একদিন থাকি। পরদিন ঢাকার আশুলিয়ায় ফুফুর বাড়িতে চলে যাই। উল্লেখ্য, হত্যাকাণ্ডের পাঁচ দিন পর গত ১৯ অক্টোবর শনিবার এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সরকার গ্রুপের চেয়ারম্যান ভবন মালিক আলমগীর সরকার অভয়নগর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ওই ভবনের নিচতলায় পানির রিজার্ভ ট্যাংক থেকে রংমিস্ত্রি হাবিব খানের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরদিন নিহতের ভাই বাদি হয়ে আল-মামুনকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত রংমিস্ত্রি হাবিব খান (৪২) ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদবিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
