|
আরেকবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান নুসরাতের বাবা-মা
নতুন সময় ডেস্ক
|
![]() আরেকবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান নুসরাতের বাবা-মা আজ বৃহস্পতিবার ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় প্রধান শিক্ষক সিরাজ উদদৌলাসহ ১৬ জনের ফাঁসির আদেশ দেন আদালত। দুপুরে নিজের বাড়িতে সাংবাদিকদের রায়ের প্রতিক্রিয়া জানান নুসরাতের মা শিরীন আক্তার। শিরীন জানান, এই রায়ে তারা সন্তুষ্ট। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রীর কারণে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার পেয়েছেন জানিয়ে তার সঙ্গে আবারও দেখা করে ধন্যবাদ জানাতে চান। নুসরাতের মা বলেন, ‘যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি, সেদিন আমাকে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, “মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। এর সুষ্ঠু বিচার হবে।” এ রায় যাতে উচ্চ আদালতে বহাল থাকে এবং দ্রুত কার্যকর হয় সে প্রত্যাশা করি।’ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুসরাতের বাবা একেএম মুসা সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয়ার দাবি জানান তিনি। এ সময় তদন্ত দ্রুত শেষ করায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিশেষভাবে ধন্যবাদ জানান মুসা। মামলার বাদি নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, রায়ে আমরা শতভাগ সন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ীত্ব নেয়ায় আমার বোন হত্যার ন্যায় বিচার চেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত সময়ে আমাদেরকে ন্যায় বিচার উপহার দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি অকৃতজ্ঞ। রায় ঘোষণার পর আদালতে আসামিরা তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। দোষীরা আপত্তিকর মন্তব্য করেছে। আমরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। ইতিমধ্যে আমাদের নিরাপত্তার জন্য বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই জন্য ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীকে ধন্যবাদ জানাই, বলেন তিনি। এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ মামলার ১৬ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। এই টাকা নুসরাতের পরিবারকে দেয়ার কথা বলা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
