বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে: স্পিকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 7:51 AM
বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে: স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে উৎসাহিত করেছেন। ফলে বাংলাদেশ এখন তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে। আইসিটির সহজলভ্যতার ফলে তথ্য প্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে।
সোমবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনলাইন নিউজ পোর্টাল পার্লামেন্ট নিউজ বিডি ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
পার্লামেন্ট নিউজ বিডি ডটকমের সম্পাদক সাকিলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, আওয়ামী লীগের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সাংবাদিক নিখিল ভদ্র। স্পিকার কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে গণমাধ্যমকে শক্তিশালী করার বিকল্প নেই। গণমাধ্যমে প্রকাশিত তথ্যই জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাৎক্ষণিক ও সহজে জনগণের কাছে তথ্য পৌঁছাতে অনলাইন পোর্টাল খুবই কার্যকর।
শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদ সদস্যরা আইন প্রণয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, এসডিজি এবং সরকারের উন্নয়নমূলক কর্মশালায় অংশগ্রহণ করে থাকে। এ সময় তিনি সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর নিয়ে একটি সংকলন বের করা হবে উল্লেখ করে বলেন, সংকলনটি রেডি রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে দেশের ভবিষ্যত চ্যালেঞ্জগুলোর বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে।
ডেপুটি স্পিকার বলেন, জাতীয় সংসদের বিভিন্ন গুরত্বপূর্ণ সংবাদ, সংসদ সদস্যদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনসাধারণের নিকট পৌঁছে দিতে অনলাইন পত্রিকা অনবদ্য ভূমিকা রাখছে। এর পরিধি আরও বাড়াতে হবে।
এ সময় তিনি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় তিনি সংসদ অধিবেশন পরিচালনায় বর্তমান স্পিকারের দক্ষতা যোগ্যতা মেধা ও মননের ভূয়সী প্রশংসা করেন। স্পিকারের বক্তব্যে ও রুলিং নিয়ে একটি সংকলন প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান তিনি।