প্রেম করার অপরাধে প্রেমিককে হাতুড়ি দিয়ে পেটালেন বাবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 7:58 PM
প্রেম করার অপরাধে প্রেমিককে হাতুড়ি দিয়ে পেটালেন বাবা
মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রেম করার অপরাধে সোহাগ সিকদার (৩৫) নামে মেয়ের প্রেমিককে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে মেয়ের বাবা আবেদ আলী শেখ ও তার লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার উপজেলার কদমবাড়ি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহাগ সিকদার বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সোহাগ মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী গ্রামের সেকেন্দার আলী সিকদারের ছেলে। ছোটকাল থেকেই রাজৈর উপজেলার গজারিয়া গ্রামে নানা বাড়িতে থাকেন তিনি।
এদিকে মারধরের পর আবেদ আলী শেখ বাদী হয়ে সোহাগ সিকদারের বিরুদ্ধে রাজৈর থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী সোহাগ সিকদার ও স্থানীয়রা জানান, আবেদ আলী শেখের নবম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এ কারণে শুক্রবার বেলা ১১টার দিকে মাছের ঘেরে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় অতর্কিতভাবে সোহাগকে ইজিবাইক থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে গজারিয়া গ্রামের ইঙ্গুল হাওলাদারের বাড়ির সামনে রাস্তার ওপর হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।
সোহাগের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সোহাগকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা সোহাগকে মাদারীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোহাগের মামা মিজানুর রহমান জানান, আমার ভাগ্নে মার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আমরা থানায় মামলা করতে গেলে ওসি সাহেব আমাদের মামলা না নিয়ে হামলাকারীদের পক্ষে সোহাগের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা নিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে ঘটনার তদন্তসাপেক্ষে ন্যায় বিচার পাওয়ার জোর দাবি জানাচ্ছি।
অভিযুক্ত আবেদ আলী জানান, আমার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে শুক্রবার রাস্তায় গেলে সোহাগ তার ওড়না ধরে টান দেয় এবং অশালীন আচরণ করে। পরে মেয়ে এ ঘটনা তার মাকে জানায়।
এ ব্যাপারে সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, করেছি তাতে কি হয়েছে। এই কথা শুনে আমার লোকজন ওকে একটু ঠেলা-ধাক্কা দিয়েছে বলেন মেয়ের বাবা।
রাজৈর থানার ওসি মো. সাজাহান জানান, মেয়ের বাবার অভিযোগের পেক্ষিতে সোহাগের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হয়েছে। ছেলে পক্ষের কেউ আমার কাছে অভিযোগ করেনি।