ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
হজ ফ্লাইটের ৩২ হাজার টিকিট বিক্রি : ফ্লাইট সিডিউল ঘোষণা সৌদির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 7:59 PM

হজ ফ্লাইটের ৩২ হাজার টিকিট বিক্রি : ফ্লাইট সিডিউল ঘোষণা সৌদির

হজ ফ্লাইটের ৩২ হাজার টিকিট বিক্রি : ফ্লাইট সিডিউল ঘোষণা সৌদির

পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব যাওয়ার জন্য রাজধানীসহ সারাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস্ কাউন্টার থেকে প্রায় ৩২ হাজার হজ ফ্লাইটের টিকিট বিক্রি হয়েছে। মোট বিক্রিত টিকিটের মধ্যে রাজধানীতে ২৬ হাজার ১৭৫টি, চট্টগ্রামে ৪ হাজার ২০৩টি, সিলেটে ১ হাজার ৪৪২টি ও কক্সবাজারে ৭৯টিসহ মোট ৩১ হাজার ৮৮৯টি টিকিট বিক্রি হয়।




তবে টিকিট বিক্রির পরিমাণ প্রায় ৩২ হাজার হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের জন্য সরকারি ব্যবস্থাপনার প্রায় ৭ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনার ৪২ হাজার ২৭৮টি পে-অর্ডার কেটেছে বিভিন্ন এজেন্সি।

ধর্ম মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ৩২ হাজার টিকিট বিক্রি হলেও এখন পর্যন্ত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কোনো কনফার্ম টিকিট বিক্রি হয়নি। তবে সৌদি এয়ারলাইন্সের জন্য ১৬ হাজার ৩৬১টি পে-অর্ডার কেটেছে একাধিক হজ এজেন্সি।

নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার তাদের ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে। আগামী দু-একদিনের মধ্যে কনফার্ম টিকিট বিক্রি শুরু হবে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী হজে যাবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন হজযাত্রী।

মোট হজযাত্রীর মধ্যে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শতকরা ৫০ ভাগ ও অবশিষ্ট ৫০ ভাগ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স পরিবহন করবে।

ধর্ম মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, চলতি বছর সুষ্ঠুভাবে হজ সম্পাদনের লক্ষ্যে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও ধর্ম সচিব আনিছুর রহমানের নির্দেশনায় এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজ-সম্পর্কিত সকল প্রয়োজনীয় কার্য়ক্রম পূর্ব পরিকল্পনা অনুসারে দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

জানা গেছে, গত বছর পর্যন্ত হজের বিমান টিকিট কতিপয় নির্দিষ্ট এজেন্সির কাছে থাকায় টিকিটপ্রাপ্তি নিয়ে ঝামেলা হতো। এজেন্সিগুলো টিকিটের ক্রাইসিস দেখিয়ে একতরফা ব্যবসা করত। সম্প্রতি সচিবালয়ে বিমানমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে হজের অগ্রগতি সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স বিমান টিকিট নির্দিষ্ট কোনো ট্রাভেল এজেন্টের কাছে বিক্রি না করে হজ এজেন্সিগুলোর কাছে সরাসরি বিক্রি করবে বলে সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, বিভিন্ন এজেন্সির হজযাত্রীদের হজ ভিসার জন্য আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা দেয়ার আগে বাধ্যতামূলকভাবে প্রতিটি হজযাত্রীর বিমান টিকিট কাটতে হবে। অন্যথায় ভিসার জন্য পাসপোর্ট জমা নেয়া হবে না অর্থাৎ হজ ভিসা হবে না।

১৬ জুনের মধ্যে সব এজেন্সিকে ক্রয়কৃত টিকিটের কপিসহ ভিসার জন্য হজ ক্যাম্পে পাসপোর্ট জমা দিতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

হাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অনেক এজেন্সিই এখন বাড়িভাড়া করতে সৌদি আরব রয়েছে। ফলে টিকিট বিক্রিতে এখনো গতি নেই। তবে নির্ধারিত ১৬ জুনের আগেই টিকিট বিক্রি হবে বলে মনে করেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টালে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, সরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর নির্ধারিত কোটার মধ্যে সরকারি হজযাত্রীর কোটা ৬ হাজার ৮১৬ জন। সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছে ৬ হাজার ৪৯২ জন (প্যাকেজ-১-এ ২ হাজার ২৬৪ জন ও প্যাকেজ-২-এ ৪ হাজার ২২৮ জন)। এসব হজযাত্রীদের মধ্যে ৬ হাজার ২২০ জনের পাসপোর্ট জমা হয়েছে। তার মধ্যে প্যাকেজ-১-এ ২ হাজার ১১৭ জন ও প্যাকেজ-২-এ ৪ হাজার ২২৮ জন। সরকারি হজযাত্রীর পিলগ্রিম আইডি প্রদান করা হয়েছে ৬ হাজার ২৩৭ জনের। সৌদি ই-হজ সিস্টেমে ৪ হাজার ৬২০ জনের পাসপোর্ট তালিকাভুক্ত হয়েছে।

অপরদিকে বেসরকারি ব্যবস্থানায় কোটা ১ লাখ ২০ হাজার। মোট ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে এবারের হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন হজ এজেন্সি কর্তৃক ১ লাখ ১৩ হাজার ৭৮৯ জনের পিলগ্রিম আইডি প্রদান করা হয়েছে। বেসরকারি গাইড এন্ট্রি হয়েছে ৩ হাজার ৩২৩ জনের।

গতকাল বুধবার (২৯ মে) পর্যন্ত সৌদি ই-হজ সিস্টেমে ৮ হাজার ১০০ জনের পাসপোর্ট তালিকাভুক্ত করা হয়েছে। মোট ৩৪৬টি এজেন্সি ৫৫ হাজার ৭৬০ জন হজযাত্রীর টিকিট ক্রয়ের জন্য পে-অর্ডার ইস্যু করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status