কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শত নাগরিক জাতীয় কমিটি। সাবেক এ প্রধানমন্ত্রীর অসুস্থতা বিবেচনায় নিয়ে আসন্ন ঈদুল ফিতরের আগেই তার মুক্তি দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। অসুস্থ অবস্থায়ই এক বছরের বেশি সময় ধরে ‘রাজনৈতিক উদ্দশ্যেপ্রণোদিত’ মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে।
তারা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, খালেদা জিয়া ন্যূনতম মৌলিক অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তার প্রতি প্রদর্শিত এ হৃদয়হীন আচরণ সম্পূর্ণ অযৌক্তিক, অগ্রহণযোগ্য। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার যদি মুক্তিযুদ্ধের মূল চেতনা হয়ে থাকে, তা হলে বলতেই হয়, সেই মহান লক্ষ্য থেকে তাকে সম্পূর্ণ বঞ্চিত করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, আমরা প্রত্যাশা করি- কল্যাণ, মঙ্গল ও শ্রেয়বোধ আমাদের অন্তর আত্মাকে জাগিয়ে দেবে। সত্য ও সুন্দরের পথে সরকার এগিয়ে আসবে। তারা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মগুলোর মর্মার্থ অনুধাবন করতে সক্ষম হবে। সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেবে।