|
জবির সাময়িক বহিষ্কৃত ৫ কর্মকর্তাকে মধ্যরাতে পুলিশে দিল প্রশাসন
নতুন সময় প্রতিনিধি
|
![]() জবির সাময়িক বহিষ্কৃত ৫ কর্মকর্তাকে মধ্যরাতে পুলিশে দিল প্রশাসন সোমবার গভীর রাতে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক নাসির আহমেদ। এর আগে সোমবার রাতে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান। একই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাময়িক বহিষ্কৃত কর্মকর্তারা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা। উপাচার্য জানান, প্রাথমিকভাবে পাওয়া অভিযোগের ভিত্তিতে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার সদস্যের তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে কারও বিরুদ্ধে নৈরাজ্য বা নাশকতায় জড়িত থাকার প্রমাণ মিললে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কয়েকজন কর্মকর্তা একসময় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। বিশেষ করে রেজোয়ান নামের এক শিক্ষার্থীর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটকের সঙ্গে কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের মারধর করে প্রক্টর অফিসে নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক নাছির আহমেদ বলেন, বিভিন্ন দপ্তরের পাঁচ কর্মকর্তাকে ছাত্রদলের নেতারা ধরে তাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের মুঠোফোন জব্দ করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে জমা দিতে বলা হয়েছে। অভিযোগ যাচাই করে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধান্ত নিতে প্রশাসন বৈঠকে বসলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গণমাধ্যমকে তারা জানান, কর্মকর্তাদের পুলিশে সোপর্দ করার দাবিতে অবস্থান নিয়েছেন। পরে রাত তিনটায় তাদের পুলিশে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ ভ্যানের পেছনে স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত যান নেতা-কর্মীরা। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তারা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছেন। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে চাকরি পাওয়া ব্যক্তিরা তাদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে সম্প্রতি অপকর্মে জড়িয়েছেন। এ সময় সকাল থেকে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তিনি। এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
