ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
নাঃগঞ্জে ৮১ টন কেমিক্যাল ও কাঁচামালের গুদাম সিলগালা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 November, 2026, 8:13 PM

নাঃগঞ্জে ৮১ টন কেমিক্যাল ও কাঁচামালের গুদাম সিলগালা

নাঃগঞ্জে ৮১ টন কেমিক্যাল ও কাঁচামালের গুদাম সিলগালা

নারায়ণগঞ্জের টানবাজারে অভিযান চালিয়ে প্রায় ৮১.৬ মেট্রিক টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল মজুদ পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এম আর ট্রেডার্সের গুদাম সিলগালা করা হয়েছে।

একই সঙ্গে সিম ফেব্রিক্স লিমিটেডে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইটের হদিস পাওয়া যায়নি। এসব ঘটনায় শুল্ক-কর ফাঁকি এবং বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহারের বিষয়টি তদন্ত করছে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, গত রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে টানবাজারের এম আর ট্রেডার্সের গুদামে অভিযান পরিচালনা করা হয়। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কেমিক্যাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রির অভিযোগে এ অভিযান চালানো হয়। এ সময় গুদামে সোডিয়াম হাইড্রোসালফাইটসহ প্রায় ৮১.৬ মেট্রিক টন বিভিন্ন ধরনের কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল পাওয়া যায়।

অভিযানকালে এসব পণ্যের আমদানি, ক্রয় কিংবা বৈধভাবে মজুদের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে পণ্যসহ গুদামটি সিলগালা করা হয়।

অন্যদিকে, একই অভিযোগের ভিত্তিতে সিম ফেব্রিক্স লিমিটেডেও অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি গত ১৭ অক্টোবর সি-১২৯৩৪৮২ নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে ভারত থেকে বন্ড সুবিধায় ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইট আমদানি করেছিল। তবে অভিযানকালে আমদানি করা এসব কেমিক্যালের কোনো হদিস পাওয়া যায়নি।

কাস্টমস গোয়েন্দা জানায়, আমদানি করা কেমিক্যাল উৎপাদনকাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি কিংবা অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্ড সুবিধায় আমদানি করা কেমিক্যালের হদিস না পাওয়া এবং নন-বন্ডেড গুদামে বৈধ কাগজপত্র ছাড়া বিপুল পরিমাণ কেমিক্যাল মজুদের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, পণ্যগুলোর প্রকৃত উৎস, আমদানি ও ক্রয়-বিক্রয়ের তথ্য, বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার এবং কোনো ধরনের শুল্ক-কর ফাঁকি দেওয়া হয়েছে কি না, তা নিরূপণে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত শর্ত অনুযায়ী উৎপাদনকাজে ব্যবহারের বিধান রয়েছে। এ সুবিধার অপব্যবহার হলে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি বৈধ আমদানিকারক ও শিল্পপ্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়তে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status