|
মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি
নতুন সময় ডেস্ক
|
![]() মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে। এর আগে বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। পরে অবশ্য কেউ না কেউ জার্সিটি পরবে। কারণ, এই জার্সি পরার বিষয়টি বিশেষ কিছু। তবে কে পরবে, সেটা এখনো ঠিক করিনি,’ বলে জানান তিনি। মেসির জায়গা পূরণের চ্যালেঞ্জ কতটা কঠিন, সেটি স্বীকার করলেও আর্জেন্টিনার খেলার ধরনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তার ভাষায়, ‘আমরা ভিন্নভাবে খেলার পথ খুঁজে নেব।’ তিনি আরও বলেন, ‘এই ম্যাচগুলো পরীক্ষার জন্যই। তবে, আমাদের মূল ধরন থাকবে বল নিয়ন্ত্রণ করা। এরপর পরিস্থিতি অনুযায়ী আমরা কীভাবে মানিয়ে নিই, সেটাই দেখার বিষয়।’ বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে একসঙ্গে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজকে। আগে এই দুই ফরোয়ার্ডকে একসঙ্গে খেলাতে খুব একটা আগ্রহী ছিলেন না স্কালোনি। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারা ম্যাচের বেশির ভাগ খেলোয়াড়ই বলিভিয়ার বিপক্ষে একাদশে থাকতে পারেন। তবে ডানপাশে আগুস্তিন গিয়াইয়ের শুরু করার সম্ভাবনা রয়েছে। লাল কার্ডের কারণে নিষিদ্ধ এনজো ফার্নান্দেজের জায়গায় খেলতে পারেন এক্সেকিয়েল পালাসিওস। মাঝমাঠে ভ্যালেন্তিন বারকোরও সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতার দায়িত্ব পেতে পারেন ইতালির কোমোর হয়ে খেলা নিকোলাস পাজ। এদিকে, স্কালোনিরও আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ৩১ ডিসেম্বর। বিশ্বকাপ ফাইনালের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করেছেন তিনি। সম্ভাব্য নতুন চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত হতে পারে। নিজের থাকার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করব- এ ব্যাপারে আমি নিশ্চিত। এ কারণেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নতুন প্রতিভা উঠে আসতে দেখছি, তাদের মধ্যে জাতীয় দলে খেলার ক্ষুধাও আছে। এই আন্তর্জাতিক উইন্ডোতে একজন খেলোয়াড়ও ডাক প্রত্যাখ্যান করেনি, যা দারুণ লক্ষণ। আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং উচ্চ পর্যায়ে পারফর্ম করব- এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
