টম ব্যান্টনের দুর্দান্ত সেঞ্চুরি, হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের ঝোড়ো ব্যাটিংয়ে কেনিংটন ওভালে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। সেই পাহাড়ে চাপা পড়ে বড় ব্যবধানে হেরে গেছে শ্রীলঙ্কা। ৩৫৬ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে মাত্র ১৩২ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ২২৩ রানের বিশাল জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। শুরুতেই বেন ডাকেটকে হারালেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। জো রুটকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন ব্যান্টন। ৩৭ বলে ১৮ রান করে রুট ফিরলে তার জায়গায় ব্যাট করতে ক্রিজে আসেন হ্যারি ব্রুক।
তৃতীয় উইকেটে ব্যান্টন ও ব্রুকের ব্যাট থেকে আসে ১৫০ রান। এই জুটির উপর ভর করে বড় সংগ্রহের ভিত পায় ইংল্যান্ড। দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৫ বলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ব্যান্টন। শেষ পর্যন্ত ১০৫ বলে ১২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১৬টি চার ও পাঁচটি ছক্কা।
ব্যান্টন ফিরে যাওয়ার পরও ইংল্যান্ডের রানের গতি কমেনি। ব্রুক ৬৬ বলে ৭৭ এবং জর্ডান কক্স মাত্র ৫২ বলে ৭৬ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। নির্ধারিত ৫০ ওভারে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৫৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে দিলহারা ফার্নান্দো তুলে নেন তিন উইকেট।
জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা মাত্র ১ রান করে সনি বেকারের শিকার হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
কুশল মেন্ডিস ২৬ বল খেলে ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তার বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। ১৭তম ওভারে ৮২ রানেই ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
শেষ পর্যন্ত ২৯.১ ওভার ব্যাট করে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন ২৬ রানে তিনটি এবং গাস অ্যাটকিনসন তুলে নেন দুটি উইকেট।
ব্যান্টনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি আর ২২৩ রানের বিশাল জয়ে ইংল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত হয়।