তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন’, ডেঙ্গু প্রতিরোধে মেয়রের আহ্বান
মো. মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 12:02 PM
তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন’, ডেঙ্গু প্রতিরোধে মেয়রের আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’—এই অভ্যাস নগরবাসীর মধ্যে গড়ে তুলতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) নগরের চান্দগাঁও চন্দ্রিমা আবাসিক এলাকায় চসিকের মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রম চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করার পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি আশপাশের মানুষকেও সচেতন করতে হবে।
চন্দ্রিমা আবাসিক এলাকায় পরিচালিত ক্রাশ প্রোগ্রামে বিভিন্ন স্থানে মশক নিধন, লার্ভা ধ্বংস ও প্রয়োজনীয় ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়।
মেয়র জানান, ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নগরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হচ্ছে। নিয়মিত লার্ভা ধ্বংস, লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড প্রয়োগের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃত বিটিআই (BTI) ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে এসব কার্যক্রম তদারক করছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা।
ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তিন মাসব্যাপী পরিকল্পনার আওতায় নগরের প্রতিটি এলাকায় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রমে বিএনসিসি, রেড ক্রিসেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে।
এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে উল্লেখ করে মেয়র নগরবাসীকে বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরীক্ষা করার আহ্বান জানান। একই সঙ্গে ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ যেসব পরিত্যক্ত সামগ্রীতে পানি জমতে পারে, সেগুলো দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দেন তিনি।
মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলেই এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।