|
‘ইন্টারন্যাশনাল অবজার্ভ দ্য মুন নাইট ও মুন ক্যাম্প’ অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() ‘ইন্টারন্যাশনাল অবজার্ভ দ্য মুন নাইট ও মুন ক্যাম্প’ অনুষ্ঠিত সারা বাংলাদেশের ৩৫টি স্কুল থেকে মোট ৪২ জন শিশু-কিশোর এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করে। ৪ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে প্রায় পাঁচ ঘণ্টার এই আয়োজনে ছিল চাঁদ ও মহাকাশবিজ্ঞান নিয়ে নানা ধরনের হাতে-কলমে কার্যক্রম। ছোট ছোট দলে ভাগ হয়ে শিশুরা চাঁদে বসতি তৈরির ধারণা, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, চাঁদের মাধ্যাকর্ষণ, মহাকাশবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা এবং চন্দ্রযান তৈরি ও পরীক্ষার মতো মজার কার্যক্রমে অংশ নেয়। দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্বগুলোর একটি ছিল টেলিস্কোপে চাঁদ দেখা। শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও চাঁদ পর্যবেক্ষণে অংশ নেন। অনেক শিশুর জন্য টেলিস্কোপে এত কাছ থেকে চাঁদ দেখার অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন। তাদের প্রশ্ন, আগ্রহ আর উচ্ছ্বাসে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি আরিফুল হাসান অপু বলেন, আমরা চাই শিশুরা শুধু বই পড়ে মহাকাশ সম্পর্কে জানবে না, নিজের চোখে দেখবে, হাতে-কলমে কাজ করবে এবং প্রশ্ন করতে শিখবে। একটি শিশু যখন টেলিস্কোপে চাঁদ দেখে বা নিজের হাতে একটি চন্দ্রযানের মডেল তৈরি করে, তখন তার মনে মহাকাশ নিয়ে নতুন স্বপ্ন তৈরি হয়। সেই স্বপ্নকে আরও বড় করে তোলাই আমাদের চেষ্টা। আয়োজকেরা জানান, শিশুদের কাছে বিজ্ঞান ও মহাকাশকে সহজ, আনন্দময় এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে তাদের সৃজনশীলতা, দলগত কাজ, সমস্যা সমাধান এবং নতুন কিছু জানার আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। কার্যক্রম শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে সনদ তুলে দেওয়া হয়। চাঁদ দেখা, নতুন কিছু শেখা আর মহাকাশ নিয়ে আরও অনেক প্রশ্ন সঙ্গে নিয়ে শেষ হয় এবারের ‘ইন্টারন্যাশনাল অবজার্ভ দ্য মুন নাইট ও মুন ক্যাম্প’।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
