|
দীঘিনালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ চালু
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ চালু সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দীঘিনালার বোয়ালখালী বাজারে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান ও ডিজিএম এ কে এম মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক ও এজিএম ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপশাখার প্রধান পিও ইভান ত্রিপুরা। এ সময় বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকেই বুথটিতে আগ্রহী গ্রাহকদের ডিজিটাল লেনদেনের বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে শেখানো হচ্ছে। তিন দিনব্যাপী এ কার্যক্রমে নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতার বিষয়েও গ্রাহকদের ধারণা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মাসুদ বলেন, নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেন এখন সময়ের দাবি। ক্যাশলেস লেনদেনে টাকা বহনের ঝুঁকি যেমন কমে, তেমনি দ্রুত ও সহজে অর্থ স্থানান্তর করা যায়। একই সঙ্গে লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকায় আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাও সহজ হয়। তিনি বলেন, শুধু প্রযুক্তি চালু করলেই ক্যাশলেস লেনদেন বাড়বে না; সাধারণ মানুষকে এর ব্যবহার সম্পর্কে জানাতে হবে এবং তাদের আস্থা তৈরি করতে হবে। সেই লক্ষ্যেই বুথের মাধ্যমে গ্রাহকদের সরাসরি হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে অর্থ বহন ও সংরক্ষণের ঝুঁকি কমার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে। বিশেষ করে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটা, বিল পরিশোধ ও অর্থ স্থানান্তরের ক্ষেত্রে ক্যাশলেস পদ্ধতি ব্যবহার বাড়লে লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে। বোয়ালখালী বাজারে স্থাপিত বুথে এসে গ্রাহকরা নিজেরাই বিভিন্ন ডিজিটাল লেনদেনের পদ্ধতি সম্পর্কে জানতে ও ব্যবহার করে দেখতে পারছেন। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে দীঘিনালার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নগদবিহীন লেনদেনের বিষয়ে সচেতনতা ও আগ্রহ আরও বাড়বে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
