|
চৌহালীতে গবাদিপশুর জন্য এনিমেলস সাইক্লোন সেন্টার এর উদ্বোধন
মো: সিয়াম হোসেন, চৌহালী
|
![]() চৌহালীতে গবাদিপশুর জন্য এনিমেলস সাইক্লোন সেন্টার এর উদ্বোধন যমুনা নদীবেষ্টিত চৌহালী উপজেলা প্রতিবছরই বন্যা ও নদীভাঙনের কবলে পড়ে। এতে মানুষের বসতবাড়ি ও ফসলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কৃষকের গবাদিপশুও। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের মানুষের কাছে গরু, ছাগলসহ বিভিন্ন গবাদিপশু শুধু পারিবারিক সম্পদ নয়, বরং তাদের জীবিকা ও আয়ের অন্যতম প্রধান উৎস। দুর্যোগের সময় পর্যাপ্ত নিরাপদ আশ্রয়ের অভাবে অনেক কৃষক তাদের গবাদিপশু নিয়ে বিপাকে পড়েন। কখনো কখনো বন্যার পানিতে পশু ভেসে যাওয়া বা মারা যাওয়ার ঘটনাও ঘটে। এতে দুর্যোগের ক্ষয়ক্ষতির পাশাপাশি কৃষক পরিবারগুলোকে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে হয়। এই বাস্তবতায় দুর্যোগকালীন সময়ে গবাদিপশুর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে ‘অ্যানিমেলস সাইক্লোন সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকরা তাদের গবাদিপশু এখানে আশ্রয় দিতে পারবেন। ফলে প্রাণিসম্পদ রক্ষার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণও কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, এমপি। অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গবাদিপশু গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি সম্পদ। প্রাকৃতিক দুর্যোগে এসব পশু মারা গেলে কৃষক পরিবারগুলো সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়ে। তাই মানুষের নিরাপত্তার পাশাপাশি গবাদিপশুর সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। চৌহালীর স্থানীয় কৃষকরা জানান, উপজেলার চরাঞ্চলগুলোতে বন্যা ও নদীভাঙনের ঝুঁকি তুলনামূলক বেশি। দুর্যোগের সময় গবাদিপশু কোথায় নিরাপদে রাখা হবে—এ নিয়ে তাদের দীর্ঘদিনের উদ্বেগ ছিল। সেই জায়গা থেকে স্থায়ীভাবে গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থা করার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, ‘অ্যানিমেলস সাইক্লোন সেন্টার’ ভবিষ্যতে দুর্যোগের সময় গবাদিপশু রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং চরাঞ্চলের কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে সহায়তা করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ডঃ আব্দুল মঈন খান
সাতক্ষীরায় পরীক্ষা কেন্দ্রে শিশুর দেখাশোনা করে প্রশংসায় ভাসছেন পুলিশ কনস্টেবল শিল্পী
আলফাডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী
সরকারি বস্তায় ১০২ বস্তা চাল,মালিকানায় ধোঁয়াশা
