ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
৫ ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝে নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ‘একক পথচলা’ শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 August, 2026, 1:42 PM

৫ ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝে নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ‘একক পথচলা’ শুরু

৫ ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝে নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ‘একক পথচলা’ শুরু

পাঁচ শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি রোববার থেকে একক ব্যবস্থাপনায় কার্যক্রম শুরু করেছে।

শেষ দুই ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে তাদের নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “পাঁচ ব্যাংকই বুঝিয়ে দেওয়া হয়েছে। সব ব্যাংক এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে চলে যাওয়ায় রোববার থেকে এককভাবে পথচলা শুরু করছে।”

এর আগে গত ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক ও তার দল প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংক। ওই ব্যাংকের কার্যক্রম তখন থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে চলে আসছিল।

গত ২০ জুলাই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, একীভূত হওয়া এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে।

যে ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হবে, সেই ব্যাংকের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে চলে যাবে বলে তখন জানানো হয়েছিল।

সেই ধারাবাহিকতায় একে একে পাঁচ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হয়। গত ১৬ জুলাই সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন আবেদুর রহমান সিকদার।

পাঁচ ব্যাংক একীভূত

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে। আর্থিক সংকটে থাকা এসব ব্যাংককে ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনে নতুন ব্যাংকটি গঠন করা হয়।

২০২৫ সালের ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক।

একীভূত পাঁচ ব্যাংকের নেটওয়ার্ক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় রয়েছে সারা দেশে ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৯৭৫টি এটিএম বুথ।

খেলাপি ঋণ ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৬৫ হাজার ৭৭৯ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৮৪ দশমিক ২২ শতাংশ।

নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ারে রূপান্তরের মাধ্যমে মূলধনে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা।

পাঁচ ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় ২০২৫ সালের ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংকে প্রশাসক বসায়। পরে এসব ব্যাংকের সম্পদ ও দায় নতুন ব্যাংকের আওতায় আনার প্রক্রিয়া এগোয়।

এখন প্রশাসক প্রত্যাহারের পর পরবর্তী বড় কাজ হচ্ছে পাঁচ ব্যাংকের প্রযুক্তিগত ব্যবস্থা ও কার্যক্রমকে সম্মিলিত ইসলামী ব্যাংকের একক প্ল্যাটফর্মে নিয়ে আসা। বর্তমানে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা ও অন্যান্য সেবা কাঠামো বিদ্যমান নামেই পরিচালিত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status