|
জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
নতুন সময় ডেস্ক
|
![]() জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘তরুণদের স্থানীয় সম্মেলন বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০০ তরুণ-তরুণীর অংশগ্রহণে প্রণীত জাতীয় তরুণ জলবায়ু অবস্থানপত্র প্রকাশ করা হয়। পরে এটি সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। নুরুল ইসলাম মনি বলেন, সরকার তরুণদের স্বাগত জানায়। পরিবেশ ও জলবায়ু বিষয়ে তরুণরা আরও সোচ্চার হোক এবং নিজেদের মতামত ও উদ্যোগের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখুক। সরকার তাদের পাশে থাকবে। ড. সাইমুম পারভেজ বলেন, সারা দেশের তরুণদের তৈরি এই অবস্থানপত্রকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তরুণদের জলবায়ু অগ্রাধিকারগুলো সরকারের পক্ষ থেকে যথাযথ জায়গায় তুলে ধরার চেষ্টা করা হবে। এ ধরনের উদ্যোগে সরকার সব সময় তরুণদের সহযোগিতা করবে। সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, সবুজ কর্মসংস্থান এবং জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এসব বিষয়ে তরুণেরা তাঁদের দাবি ও সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত এবং ব্রাইটার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইদুর রহমান সিয়াম। ব্রাইটার্সের চেয়ার ফারিয়া সুলতানা অমির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনটি ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর আয়োজন করা হয়। ব্রাইটার্স ফাউন্ডেশনসহ ৩০টি যুব সংগঠন এতে সহযোগিতা করে। আয়োজনে সহযোগী হিসেবে ছিল অ্যাকশনএইড, কেয়ার, ইউনিসেফ বাংলাদেশ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণদের অংশগ্রহণে প্রণীত এই অবস্থানপত্র আগামী আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের তরুণদের অগ্রাধিকার, দাবি ও সুপারিশ তুলে ধরার ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
