ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাঙামাটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মঈন উদ্দীন , রাঙামাটি
প্রকাশ: Sunday, 16 August, 2026, 12:03 PM

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাঙামাটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাঙামাটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে “রুপালী মৎস্য, স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্য খাতকে দেশের অর্থনৈতিক ও খাদ্যনিরাপত্তার অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার সকাল ১০টায় রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবন সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এর আগে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষী, সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান। এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস মাছ। একই সঙ্গে মৎস্য খাত গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাহাড়ি জেলা রাঙামাটির রয়েছে বিপুল জলসম্পদ, কাপ্তাই হ্রদসহ বিভিন্ন প্রাকৃতিক জলাশয় এবং মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা। এ সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি জাতীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে রাঙামাটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বক্তারা আরও বলেন, শুধু মাছ উৎপাদন বাড়ালেই হবে না, মাছের প্রজননক্ষেত্র ও জলজ পরিবেশ সংরক্ষণ, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ, প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং আধুনিক ও বিজ্ঞানসম্মত মৎস্যচাষের প্রসার ঘটাতে হবে। বিশেষ করে কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় আনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, পোনা উৎপাদন ও অবমুক্তকরণ, জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মনে করেন, উৎপাদন থেকে বিপণন পর্যন্ত মৎস্য খাতের প্রতিটি ধাপে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে এই খাত আরও সমৃদ্ধ হবে।

মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও বড় অবদান রাখার সুযোগ রয়েছে জানিয়ে আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষ–২০২৬-এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।#

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status