ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
মেয়ের জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর জানলেন আড়াই বছর পর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 August, 2026, 1:58 PM

মেয়ের জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর জানলেন আড়াই বছর পর

মেয়ের জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর জানলেন আড়াই বছর পর

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয়ে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, বিধায়ক জ্ঞান তিওয়ারির অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদী ও তার ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ৬ আগস্ট মেয়েকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে প্রতারণার অভিযোগ তোলেন বিধায়ক।

রেউসা থানায় দায়ের করা অভিযোগে জ্ঞান তিওয়ারি বলেন, ২০২৪ সালে উত্তর প্রদেশের মিসরিখের চন্দ্রওয়াল এলাকার বাসিন্দা অনুজ ত্রিবেদীর ছেলে প্রখর ত্রিবেদীর সঙ্গে তার মেয়ে প্রজ্ঞার বিয়ে হয়। বিয়ের সময় অনুজ নিজেকে মুম্বাইয়ের একজন স্বনামধন্য আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে ছেলের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বিধায়কের দাবি, স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে ইতিবাচক তথ্য পাওয়ার পরই বিয়েটি চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রখরের অতীত সম্পর্কে জানতে পারে তার পরিবার।

অভিযোগে আরও বলা হয়, প্রখর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন এবং তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যে এভাবে প্রতারণা করে তিনি প্রায় ২৫টি বিয়ে করেছেন বলেও অভিযোগ করেছেন জ্ঞান তিওয়ারি।

ঘটনার পর মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে এনে ওই পরিবারের সঙ্গে সব ধরনের সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানিয়েছেন বিধায়ক। তার দাবি, এই ঘটনায় পরিবারটি গভীরভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিধায়কের অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদীর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে জ্ঞান তিওয়ারি অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন।

সূত্র: এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status