|
প্রেস সেক্রেটারি পদ নিয়ে ট্রাম্পের রসিকতা, আলোচনায় কেন ডানা হোয়াইট
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেস সেক্রেটারি পদ নিয়ে ট্রাম্পের রসিকতা, আলোচনায় কেন ডানা হোয়াইট তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্পের এমন প্রস্তাব নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তাকে ‘যোদ্ধা ও লড়াকু’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, হোয়াইট দায়িত্ব নিলে তার সঙ্গে ইউএফসির কয়েকজন খ্যাতিমান যোদ্ধাকেও সহকারী হিসেবে নিয়ে আসতে পারেন। তাদের দিয়ে তিনি ‘উন্মাদ বামপন্থীদের’ বিরুদ্ধে লড়াই করার কথাও বলেন। ট্রাম্পের পোস্টে সম্ভাব্য সহকারী হিসেবে ছয়জন বর্তমান ও সাবেক ইউএফসি চ্যাম্পিয়নের নাম ও ছবি ছিল। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার দাগেস্তান অঞ্চলের ইসলাম মাখাচেভ ও খাবিব নুরমাগোমেদভ, যুক্তরাষ্ট্রের জাস্টিন গেইথজে ও ড্যানিয়েল করমিয়ের, কায়লা হ্যারিসন এবং ব্রাজিলীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমান্ডা নুনেস। প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে ডানা হোয়াইট জানান, সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে নিজের বর্তমান দায়িত্বের চাপের কথাও উল্লেখ করেন তিনি। হোয়াইট বলেন, তাঁর হাতে ইতিমধ্যে অনেক কাজ রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে আরও কথা বলতে পারবেন। রু এরপর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষের পোডিয়ামের সামনে দাঁড়ানো একটি ছবিও প্রকাশ করেন হোয়াইট। ছবির সঙ্গে লেখা ছিল, ‘নতুন অধ্যায়ের পথে’। এতে তাঁর সম্ভাব্য নিয়োগ নিয়ে জল্পনা আরও বাড়ে। তবে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে মজা করেছিলেন। হোয়াইট দায়িত্ব নিতে আগ্রহী- এমন দাবি করলেও প্রেসিডেন্ট স্পষ্ট করেন, প্রস্তাবটি তিনি গুরুত্ব দিয়ে দেননি। ইউএফসি যোদ্ধাদের সহকারী হিসেবে আনার কথাটিও রসিকতার অংশ ছিল বলে জানান তিনি। ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ডানা হোয়াইটের সঙ্গে ট্রাম্পের পরিচয় দুই দশকের বেশি সময়ের। ২০০১ সালে ইউএফসি যখন নানা সমালোচনার মুখে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছিল, তখন ট্রাম্পের মালিকানাধীন নিউ জার্সির আটলান্টিক সিটির তাজমহল ক্যাসিনোতে সংস্থাটির একটি প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পায়। সে সময় থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০০১ সালে দুই ক্যাসিনো ব্যবসায়ী বন্ধুকে ইউএফসি কিনতে রাজি করান হোয়াইট। মাত্র ২০ লাখ ডলারে প্রতিষ্ঠানটি কেনার পর তাকে এর প্রেসিডেন্ট করা হয়। পরবর্তী সময়ে বড় বড় লড়াই ও টেলিভিশনে অর্থের বিনিময়ে খেলা দেখানোর ব্যবস্থা করে ইউএফসিকে বিশ্বব্যাপী জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত করেন তিনি। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি চার বিলিয়ন ডলারে বিক্রি হয়। ২০২৩ সালে ডব্লিউডব্লিউইর সঙ্গে একীভূত হওয়ার পর হোয়াইট ইউএফসির প্রধান নির্বাহী হন। ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছেন হোয়াইট। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্মেলনে ট্রাম্পের পক্ষে বক্তব্য দেন তিনি। ২০২০ সালের নির্বাচনেও ট্রাম্পকে সমর্থন জানান এবং তার প্রচারে ১০ লাখ ডলার অনুদান দেন। ২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের কাছে ট্রাম্পের গ্রহণযোগ্যতা বাড়াতেও ইউএফসি প্রধান ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়। ট্রাম্প নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, হোয়াইট তাঁকে এমন কিছু তরুণ ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যাঁদের সঙ্গে আগে তাঁর যোগাযোগ ছিল না। হোয়াইট হাউসে ইউএফসির প্রভাব ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের সঙ্গে ইউএফসির সম্পর্ক আরও দৃশ্যমান হয়েছে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউসের দক্ষিণ লনে ইউএফসির বিশেষ আয়োজন ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ অনুষ্ঠিত হয়। এর আগে লিংকন মেমোরিয়ালের সিঁড়িতে যোদ্ধাদের ওজন মাপার অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। এ আয়োজন নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগও উঠেছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রতিযোগিতার কয়েক মাস আগে ট্রাম্প ইউএফসির মূল প্রতিষ্ঠান টিকেও হোল্ডিংসের সর্বোচ্চ ৫০ হাজার ডলারের শেয়ার কিনেছিলেন। সরকারি স্থাপনা বাণিজ্যিক আয়োজনে ব্যবহারের বৈধতা নিয়েও মামলা হয়। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি কয়েক সপ্তাহ ধরে শূন্য রয়েছে। গত আগস্টের শেষ দিকে কারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর অক্টোবরে কেটি জাকারিয়াকে নিয়োগ দেওয়া হয়। তবে মাত্র পাঁচ দিন দায়িত্ব পালনের পর তাঁকেও পদ ছাড়তে হয়। ফলে নতুন মুখপাত্র নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্পের ডানা হোয়াইটকে বেছে নেওয়ার ধারণা নিয়ে ডেমোক্র্যাট নেতারা সমালোচনা করেছেন। তাদের কেউ কেউ একে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় থেকে দৃষ্টি সরানোর চেষ্টা হিসেবে দেখছেন। কলোরাডো থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি মেলাত কিরোস বলেছেন, এমন প্রস্তাব ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডকে কতটা গুরুত্বহীন করে তুলছে, তা বোঝায়। সিনেটর মার্ক কেলিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, ডানা হোয়াইটের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক এবং তরুণ ভোটারদের কাছে ইউএফসির জনপ্রিয়তা প্রেসিডেন্টের এমন ভাবনার পেছনে ভূমিকা রেখেছে। তবে প্রেস সেক্রেটারির দায়িত্ব কেবল রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়; প্রশাসনের নীতি ব্যাখ্যা, সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব এবং জনসমক্ষে সরকারের অবস্থান তুলে ধরাও এ পদের গুরুত্বপূর্ণ কাজ। শেষ পর্যন্ত ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ডানা হোয়াইটকে নিয়োগ দেওয়ার বিষয়টি আপাতত বাস্তব কোনো সিদ্ধান্ত নয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
