|
আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা মামুন মন্ডলের, ইসলামিকভাবে নিজেকে গড়তে চাই
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা মামুন মন্ডলের, ইসলামিকভাবে নিজেকে গড়তে চাই বুধবার (১২ আগস্ট) সকালে তাকে গাজীপুর আদালতে হাজির করা হয়। পরে বিকেলে আদালতের গারদখানা থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে ওঠার আগে উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষের সামনে এ ঘোষণা দেন মামুন মন্ডল। এ সময় তার হাতে হাতকড়া ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা তাকে গারদখানা থেকে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছেন। একপর্যায়ে তিনি দাঁড়িয়ে উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, “আমি দেশবাসীর সকলের কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই দোয়া রাখবেন আমার জন্য।” এর আগে জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রূপায়ণ সিটি এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পান মামুন মন্ডল। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পরপর দুইবার নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সূচনা হয়। পরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে কাউন্সিলর নির্বাচিত হন। ২০২২ সালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের তালিকাতেও তার নাম আলোচনায় আসে। পরবর্তীতে ২০২৪ সালের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হওয়ার মধ্য দিয়ে মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন তিনি। তবে দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বড় পদে দায়িত্ব পালন করা মামুন মন্ডল এবার কারাগার থেকে আদালতে হাজির হওয়ার দিনই আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। একই সঙ্গে ভবিষ্যতে আর রাজনীতি না করে ইসলামিক জীবনযাপনের প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
