|
সূর্যগ্রহণে যেভাবে স্মার্টফোনের ক্ষতি হতে পারে
নতুন সময় ডেস্ক
|
![]() সূর্যগ্রহণে যেভাবে স্মার্টফোনের ক্ষতি হতে পারে ব্রিটিশ সংবাদামধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, উপযোগী সুরক্ষা ছাড়া সরাসরি সূর্যের দিকে ক্যামেরার লেন্স ধরলে তা স্মার্টফোনের অতিসংবেদনশীল সেন্সর নষ্ট করে দিতে পারে। বুধবার সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানের কারণে এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছেন ইউরোপের শত কোটি মানুষ। এ মহাজাগতিক দৃশ্যটি প্রত্যক্ষ করার পাশাপাশি অনেকেই তা নিজ নিজ মোবাইল ফোন বা ক্যামেরায় বন্দি করার পরিকল্পনা করছেন। তবে কোনো রকম সুরক্ষা ছাড়া সরাসরি সূর্যের দিকে ক্যামেরার লেন্স না ধরার পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে যন্ত্রটির স্থায়ী ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেছেন তারা। গ্রহণের সময় চাঁদ সূর্যকে আংশিক ঢেকে রাখলেও তা থেকে আসা সরাসরি আলো স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরাকে অতিরিক্ত গরম করে ফেলতে পারে। দীর্ঘ সময় সরাসরি সূর্যের দিকে ক্যামেরা ধরে রাখলে যন্ত্রটির ভেতরের সেন্সরে থাকা ‘ফোটোডায়োড’ পুড়ে যেতে পারে। ফলে সেন্সরে স্থায়ীভাবে ‘ডেড পিক্সেল’ তৈরি হতে পারে, যা পরবর্তীতে কোনোভাবেই সারানো সম্ভব নয়। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে সংঘটিত সূর্যগ্রহণের আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছিল, “অন্য যে কোনো সাধারণ ইমেজ সেন্সরের মতোই সরাসরি সূর্যের দিকে তাক করা হলে মোবাইল ফোনের সেন্সরও ক্ষতির মুখে পড়তে পারে। “পূর্ণ সূর্যগ্রহণের মুহূর্তটি ছাড়া অন্য যে কোনো সময়ে ছবি তোলার ক্ষেত্রে ফোনের লেন্সের সামনে একজোড়া ‘এক্লিপস গ্লাস’ বা গ্রহণ দেখার বিশেষ চশমা ধরে রাখা সবচেয়ে নিরাপদ উপায়।” পাশাপাশি, নাসা সতর্ক করে বলেছে, গ্রহণ দেখার বিশেষ চশমা চোখে দেওয়া থাকলেও কোনো অবস্থাতেই ক্যামেরার লেন্সের মধ্য দিয়ে খালি চোখে সরাসরি সূর্যগ্রহণের দিকে তাকানো উচিত নয়। সূর্যগ্রহণ দেখার নিরাপত্তা নিয়ে এক পোস্টে নাসা বলেছে, “সোলার গ্লাস বা হাতে ধরা সোলার ভিউয়ার চোখে থাকা অবস্থাতেও ক্যামেরা লেন্স, টেলিস্কোপ, বাইনোকুলার বা অন্য কোনো অপটিক্যাল ডিভাইসের মধ্য দিয়ে সরাসরি সূর্যের দিকে তাকাবেন না। “এসব যন্ত্রের মাধ্যমে আসা তীব্র সূর্যরশ্মি ফিল্টারটিকে পুড়িয়ে ফেলতে পারে, যা চোখে গুরুতর আঘাতের কারণ হতে পারে। “ক্যামেরা, বাইনোকুলার বা টেলিস্কোপে যদি সঠিক সোলার ফিল্টার থাকে তবে সেগুলোর মধ্য দিয়ে আংশিক বা বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার সময় আলাদা করে এক্লিপস গ্লাস পরার প্রয়োজন নেই। কারণ চোখের সুরক্ষায় সোলার ফিল্টারগুলো এক্লিপস গ্লাসের মতোই কাজ করে।” কেবল পূর্ণ সূর্যগ্রহণে মুহূর্তে যখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে তখনই খালি চোখে সরাসরি গ্রহণের দিকে তাকানো নিরাপদ। আইসল্যান্ড বা স্পেনের যে অংশটি পূর্ণ সূর্যগ্রহণের সরাসরি পথের মধ্যে পড়েছে সেখানকার বাসিন্দারা কেবল ১ থেকে ৩ মিনিটের জন্য এই দুর্লভ দৃশ্য খালি চোখে দেখার সুযোগ পাবেন। উত্তর মেরুর কাছাকাছি এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে যাওয়া এবারের সূর্যগ্রহণ গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে স্পেনের আকাশে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। পাশাপাশি এ শতাব্দীতে যুক্তরাজ্যের আকাশে দেখা যাওয়া সবচেয়ে বড় আংশিক সূর্যগ্রহণও এটা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
