ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
আবারও একসঙ্গে মাঠ কাঁপাতে আসছে সেই ভয়ংকর ‘এমএসএন’?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2026, 10:42 AM

আবারও একসঙ্গে মাঠ কাঁপাতে আসছে সেই ভয়ংকর ‘এমএসএন’?

আবারও একসঙ্গে মাঠ কাঁপাতে আসছে সেই ভয়ংকর ‘এমএসএন’?

ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ ছিল লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের ত্রয়ী, যা কিনা পরিচিত ‘এমএসএন’ নামে। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় এই তিন তারকা মিলে প্রতিপক্ষের রক্ষণে রীতিমত ত্রাস সৃষ্টি করেছিলেন।

এবার প্রায় এক দশক পর সেই বিখ্যাত ত্রয়ীকে আবারও একসঙ্গে দেখা যেতে পারে। তবে এবার বার্সেলোনায় নয়, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে।

বার্সেলোনায় মেসি-সুয়ারেজ-নেইমারের জুটি ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিল। তিন ফরোয়ার্ডের দুর্দান্ত বোঝাপড়া ও আক্রমণাত্মক ফুটবল ছিল দলটির সাফল্যের অন্যতম বড় কারণ। তাদের সময়ে বার্সেলোনা জিতেছিল চ্যাম্পিয়নস লিগসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা।

তবে ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট-জার্মেইয়ে (পিএসজি) যোগ দিলে ভেঙে যায় ঐতিহাসিক ‘এমএসএন’ ত্রয়ী। পরবর্তীতে মেসি ও নেইমার পিএসজিতে আবার সতীর্থ হন। আর মেসি ও সুয়ারেজ বর্তমানে ইন্টার মিয়ামিতে একসঙ্গে খেলছেন।

এবার সেই পুরোনো বন্ধন আরও একবার ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম নেইমারকে ক্লাবটিতে নিয়ে আসার চেষ্টা করতে পারেন। আর সেটি সফল হলে মেসি, সুয়ারেজ ও নেইমারকে আবারও একই দলের জার্সিতে দেখা যাবে।

এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো। তার দাবি, নেইমার সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন।

ইউটিউবে দেওয়া এক বক্তব্যে মেলো বলেন, ‘আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলেছিলাম। সে আমাকে সান্তোস সম্পর্কে কিছু খবর জানিয়েছে। সে বলেছে, নেইমার মিয়ামিতে খেলবে। আগামী জানুয়ারি থেকে নেইমার ইন্টার মিয়ামির হয়ে খেলতে শুরু করবে।’

তবে মেলো নিজেও এটিকে নিশ্চিত খবর হিসেবে উপস্থাপন করেননি। তিনি বলেন, ‘যদি এমনটা হয়, তাহলে আমিই এখানে প্রথম খবরটি ঘোষণা করলাম। এখন অপেক্ষা করি এবং দেখি কী হয়।’

এদিকে নেইমারের ভবিষ্যৎ নিয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। এরপর তিনি কোথায় খেলবেন, নাকি পেশাদার ফুটবল থেকেই সরে দাঁড়াবেন-তা এখনো নিশ্চিত নয়।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে নেইমারও জানিয়েছেন, তিনি এখনই অবসরের কথা ভাবছেন না। তবে ডিসেম্বরের পর কী করবেন, সেটি নিয়ে সিদ্ধান্ত নেননি।

নেইমার বলেন, ‘আমি জানি না আর কতদিন খেলব। আমি অবসরের কথা ভাবছি না, আবার কতদিন চালিয়ে যাব সেটাও জানি না।’

ব্রাজিলিয়ান তারকা আরও বলেন, সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে এবং তিনি সেই চুক্তি যথাযথভাবে শেষ করতে চান। এরপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status