‘মোদি ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে ৫৬০ ইঞ্চি মিথ্যে কথা বলেন’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 April, 2019, 10:07 AM
‘মোদি ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে ৫৬০ ইঞ্চি মিথ্যে কথা বলেন’
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দেয়ার ডাক দিয়েছেন। এদিন মমতা প্রধানমন্ত্রীর প্রতি কটাক্ষ করে বলেন, উনি মিথ্যে কথা খুব জোরের সঙ্গে বলেন। আর বলেন, আমার ৫৬ ইঞ্চি ছাতি! উনি ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে ৫৬০ ইঞ্চি মিথ্যে কথা বলেন।
শনিবার (৬ এপ্রিল) আলিপুরদুয়ারের কালচিনিতে ভাষণ দেয়ার সময় মমতা এ সংক্রান্ত মন্তব্য করেন। তিনি এদিন বারোবিশাতেও এক জনসভায় বিজেপির তীব্র সমালোচনা করেন।
মমতা বিজেপি সম্পর্কে বলেন, এই দলটা দেশের ও নয়, দশেরও নয়। মানুষের নয়, মা-বোনেরও নয়। ওরা কারো নয়। আমরা রবীন্দ্র-নজরুলের বাংলা ভালোবাসি।
তিনি বলেন, আমরা নেপালি ভাষা, হিন্দি ভাষা, কুরুক ভাষাসহ বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দিয়েছি। আমরা সংখ্যালঘুদের জন্য কাজ করি, তপশিলি, উপজাতিসহ প্রত্যেকের জন্য কাজ করি। এজন্য আপনাদের আশীর্বাদ ও শুভকামনা প্রয়োজন। বিজেপিকে হটিয়ে দিন। ওরা আসলে দেশকে বিক্রি করে দেবে।
মমতা বলেন, বিজেপিকে চাই না। আপনারা তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় আনুন। দিল্লি জয় করবে তৃণমূল। দিল্লিতে সবাইকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে। আপনাদের দেয়া ভোট দিল্লিতে সরকার গড়তে সাহায্য করবে।
মমতা প্রধানমন্ত্রীর প্রতি কটাক্ষ করে বলেন, উনি মিথ্যে কথা খুব জোরের সঙ্গে বলেন। আর বলেন, আমার ৫৬ ইঞ্চি ছাতি! উনি ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে ৫৬০ ইঞ্চি মিথ্যে কথা বলেন। রাবণের ছাতিও তো অনেক বড় ছিল! ওনার যদি ৫৬ ইঞ্চি হয় তাহলে রাবণের ছাতি ছিল ৫৬০ ইঞ্চি। কিন্তু রাবণকে কী মানুষ পছন্দ করে? পছন্দ করে না।
এই প্রধানমন্ত্রী থাকলে দেশের স্বাধীনতা থাকবে না। আম্বেদকর রচিত সংবিধান থাকবে না। সব শেষ হয়ে যাবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।