|
বাংলাদেশের গবেষণাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরতে একসঙ্গে কাজ করবে কেমব্রিজ, বিডিআরইএন ও ইউজিসি
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশের গবেষণাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরতে একসঙ্গে কাজ করবে কেমব্রিজ, বিডিআরইএন ও ইউজিসি এই লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘BdREN–CUP Partnership: Pathway towards Global Knowledge’ শীর্ষক দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গ্রন্থাগারিক, গবেষণা প্রশাসক এবং শিক্ষা খাতের নীতিনির্ধারকেরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং বিডিআরইএন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিআরইএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত। অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও ডিজিটাল, গবেষণানির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের বৈশ্বিক অভিজ্ঞতা গবেষণার মানোন্নয়ন, বিশ্বমানের একাডেমিক রিসোর্সে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং টেকসই প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তুলতে সহায়ক হবে। বিডিআরইএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত বলেন, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে সহযোগিতা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের গবেষণা সামগ্রীর সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করবে। একই সঙ্গে এটি গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং গবেষণার উৎকর্ষ অর্জনে নতুন সুযোগ তৈরি করবে।” কেমব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড সারওয়াত রেজা বলেন, জ্ঞান ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিশ্বমানের গবেষণা ও শিক্ষাসামগ্রীর সহজপ্রাপ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অংশীদারত্ব শুধু তথ্যপ্রাপ্তি নিশ্চিত করে না; বরং গবেষণা, উদ্ভাবন এবং আজীবন শেখার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে। আন্তর্জাতিক জ্ঞানভান্ডারের সঙ্গে শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সংযুক্ত করতে পারলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন সুযোগ কাজে লাগানোর সক্ষমতাও বাড়বে। উদ্বোধনী বক্তব্যে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের ন্যাশনাল হেড দেবোত্তম ভট্টাচার্য বলেন, বিশ্বস্ত গবেষণা ও জ্ঞানভান্ডারে সমান প্রবেশাধিকার নিশ্চিত হলে উচ্চশিক্ষার প্রকৃত বিকাশ সম্ভব। বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও ডিজিটাল ও গবেষণাকেন্দ্রিক করে তুলতে ইউজিসি ও বিডিআরইএনের উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ আমরা দেখছি। সম্মেলনে বিডিআরইএন তাদের ই-রিসোর্স সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরে। পাশাপাশি হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ইউজিসির অধীন বিশ্ববিদ্যালয়গুলোতে ডিজিটাল একাডেমিক রিসোর্স সম্প্রসারণে কমিশনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। ছয়টি বিষয়ভিত্তিক অধিবেশনে গবেষণা থেকে আন্তর্জাতিক প্রকাশনা পর্যন্ত গবেষকের যাত্রাপথ, ওপেন অ্যাকসেস প্রকাশনার বাস্তবতা, ২০৩০ সালের ডিজিটাল বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের রূপরেখা, উচ্চশিক্ষায় মানসম্মত পাঠ্যপুস্তকের প্রাপ্যতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গবেষণার দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী আলোচনার শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা গবেষণা রিসোর্সে প্রবেশাধিকার, ডিজিটাল লাইব্রেরি উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে কেমব্রিজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে বিডিআরইএনের এই অংশীদারত্ব বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক ও বিশ্বমানের একাডেমিক রিসোর্সের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করার পাশাপাশি দেশের গবেষণাকে বৈশ্বিক পরিমণ্ডলে আরও দৃশ্যমান করে তুলতে সহায়ক হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
