|
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন থিতান, রানার আপ গ্রীন পোলারিস ও আপ শূণ্য
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন থিতান, রানার আপ গ্রীন পোলারিস ও আপ শূণ্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার বাংলাদেশ আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগ এ আয়োজন করে। আয়োজনে কারা বাংলাদেশ ও অ্যাক্সিয়ন বাংলাদেশ সহযোগী অংশীদার হিসেবে ছিল। গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা ১০টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলগুলো মোট ১ লাখ টাকা পুরস্কার লাভ করে। একই সঙ্গে বিজয়ী দল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। সেখানে ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য নিজেদের উদ্যোগ ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের সুযোগ থাকবে। এ ছাড়া প্রতিযোগিতার শীর্ষ ১০টি দল সান ফ্রান্সিসকোতে বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পেগাসাস টেক ভেঞ্চারসের উন্নয়ন পরিচালক জাস্টিন জ্যাকসন, আইসিটি বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। অনুষ্ঠানে অধ্যাপক ড. এম. আর. কবির বলেন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগ সবসময় শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৬’-এর মাধ্যমে দেশের সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাস্টিন জ্যাকসন বলেন, স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ প্রতিযোগিতা। বাংলাদেশসহ বিভিন্ন দেশের মেধাবী উদ্যোক্তাদের বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ’ শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে দেশের উদ্ভাবনী ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক ব্যবসায়িক পরিসরের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি বিনিয়োগকারী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে স্টার্টআপগুলোর ব্যবসা সম্প্রসারণের পথও তৈরি হচ্ছে। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রথম ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান দিদার। প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ উদ্যোক্তা এবং লাইভ শপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মো. আশিক খান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগ দেশের স্টার্টআপ পরিবেশ আরও শক্তিশালী করতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
