ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 10:31 AM

ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা!

ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা!

ফুটবল মাঠে গোলরক্ষকদের কৌশলগত উদ্দেশ্যে ইনজুরির ভান ধরে শুয়ে থাকার অভ্যাস বন্ধ করতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) অনুমোদনের পর আসন্ন মৌসুম থেকে ইংলিশ লিগগুলোয় পরীক্ষামূলকভাবে এই নিয়ম কার্যকর হবে। আগামী ১ আগস্ট লিগ কাপের উদ্বোধনী রাউন্ড থেকে এটি প্রয়োগ শুরু হবে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষককে মাঠে চিকিৎসা নিতে হলে বা আঘাতের কারণে খেলা বন্ধ রাখতে হলে তাকে এক মিনিটের জন্য মাঠ ছেড়ে যেতে হবে। এই নিয়মটি মূলত বিদ্যমান আইনের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে আউটফিল্ড ফুটবলারদের আঘাতজনিত চিকিৎসার ক্ষেত্রে একই বিধান কার্যকর রয়েছে।

এফএর বিবৃতিতে বলা হয়েছে, গোলরক্ষকদের আঘাতকে কৌশলগতভাবে খেলার গতি ব্যাহত করতে, ছন্দ কমিয়ে আনতে এবং টেকনিক্যাল এরিয়া থেকে নির্দেশনা নেওয়ার সুযোগ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় এবং খেলার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে পরীক্ষামূলক ব্যবস্থাটি চালু করা হচ্ছে। মৌসুমজুড়ে আইএফএবি ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করবে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ।

তবে সব পরিস্থিতিতে এই নিয়ম প্রযোজ্য হবে না। যেসব ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে সেগুলো হলো—গোলরক্ষককে ফাউল করার কারণে যখন চিকিৎসার প্রয়োজন হয়, মাঠের অন্য কোনো ফুটবলারের সঙ্গে সংঘর্ষে উভয়েরই চিকিৎসার প্রয়োজন পড়ে, রক্তপাত বা শারীরিক আক্রমণের ফলে আহত হন যার জন্য ফ্রি-কিক দেওয়া হয় এবং গোলরক্ষকের তাৎক্ষণিক চিকিৎসা ছাড়া উপায় থাকে না।

ফুটবল ম্যাচে প্রতিপক্ষের সামান্য স্পর্শ বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়াই মাঠে শুয়ে চিকিৎসার ভান ধরার প্রবণতা দীর্ঘদিন ধরে গোলরক্ষকদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ে টেকনিক্যাল এরিয়া থেকে কৌশলগত নির্দেশনা নেওয়ার সুযোগ কাজে লাগানো হয়। সমর্থক, ফুটবল বিশেষজ্ঞ ও প্রতিপক্ষ কোচদের কাছে এই অভ্যাস দীর্ঘদিন ধরে হতাশার কারণ হয়ে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status