|
ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বললেন ব্যবসায়ী, গাজীপুরে নকল প্রাণী খাদ্য কারখানায় ৩ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বললেন ব্যবসায়ী, গাজীপুরে নকল প্রাণী খাদ্য কারখানায় ৩ লাখ টাকা জরিমানা রোববার (২৬ জুলাই) গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা-চৌরাস্তা এলাকার মাস্টার ভিলা নামের একটি বহুতল ভবনের নিচতলায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। অভিযানে মৎস্য অধিদপ্তর ও বিএসটিআইয়ের কর্মকর্তারাও অংশ নেন। অভিযান চলাকালে প্রতিষ্ঠানের মালিককে মোবাইল ফোনে কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য যোগাযোগ করা হলে তিনি উপস্থিত না হয়ে উল্টো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই অনলাইনের মাধ্যমে প্যাকেটজাত প্রাণী খাদ্য বিক্রি করে আসছিল। পণ্যের মোড়কে ভুয়া বিএসটিআই নম্বর ও লোগো ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি বিদেশ থেকে আমদানিকৃত উন্নতমানের খাদ্য বলে প্রচারণা চালিয়ে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে মাছ ও পশুখাদ্যের খামারিদের কাছে এসব পণ্য বিক্রি করা হচ্ছিল, যা প্রতারণামূলক কর্মকাণ্ডের শামিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান বলেন, অভিযানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অনিয়মের সত্যতা পাওয়া গেছে। কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই তারা নকল প্রাণী খাদ্য উৎপাদন ও ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বাজারজাত করছিল। তিনি জানান, মৎস্য ও পশুখাদ্য আইন, বিএসটিআই আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
