|
শ্রীপুরে ‘বাঘ’ আতঙ্ক! ভিডিও ভাইরাল, বন বিভাগের দাবি—‘এটি সম্ভবত মেছো বিড়াল’
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে ‘বাঘ’ আতঙ্ক! ভিডিও ভাইরাল, বন বিভাগের দাবি—‘এটি সম্ভবত মেছো বিড়াল’ স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে প্রাণীটিকে দেখা যাচ্ছে। কেউ কেউ এর ছবি ও ভিডিও ধারণ করেছেন বলেও জানিয়েছেন। বুধবার রাতে মেকারপাড়া এলাকায় প্রাণীটির পায়ের ছাপ পাওয়া গেছে বলেও দাবি করা হচ্ছে। নিজমাওনা গ্রামের বাসিন্দা এনামুল হক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফকির বাড়ি মসজিদে যাওয়ার পথে তিনি দূর থেকে প্রাণীটিকে দেখতে পান। তাঁর ভাষ্য, প্রাণীটির লম্বা লেজ ও গোলাকার মাথা ছিল এবং সেটি দ্রুত উত্তর দিকে চলে যায়। একই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, তিনি ১৯ তারিখ প্রাণীটিকে দেখেছেন। তাঁর দাবি, এলাকার আরও অনেকে এটি দেখেছেন এবং ভিডিও ফুটেজও রয়েছে। প্রাণীটি নিজ চোখে দেখেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্বপ্নে দেখছি নাকি, ঘুমিয়ে দেখছি! এটা বলতে পারি না।” স্থানীয়দের ভাষ্য, ফেসবুকে বাঘের মতো দেখতে প্রাণীর ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই গ্রামে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সন্ধ্যার পর শিশু ও নারীদের বাইরে যেতে নিরুৎসাহিত করছেন পরিবারের সদস্যরা। গাজীপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কামরুন্নাহার সাঈদ বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেখেছেন, তবে নিজে প্রাণীটিকে দেখেননি। তবে বন বিভাগের কর্মকর্তারা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, “গাজীপুর বাঘের স্বাভাবিক আবাসস্থল নয়। এখানে বাঘ থাকার সম্ভাবনা অত্যন্ত কম। ভিডিও ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী এটি মেছো বিড়াল হওয়ার সম্ভাবনাই বেশি। মেছো বিড়াল পরিবেশের জন্য উপকারী এবং খাদ্যশৃঙ্খল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আতঙ্ক দূর করতে এবং প্রাণীটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে বন বিভাগের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ
নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
