মেয়েদের ওপর হামলার প্রশ্নই আসেনা, ওসব ‘নাটক’ ও ‘গুজব’: সাদ্দাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 April, 2019, 7:26 PM
মেয়েদের ওপর হামলার প্রশ্নই আসেনা, ওসব ‘নাটক’ ও ‘গুজব’: সাদ্দাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ছাত্রীদের ওপর হামলার ঘটনাকে ‘নাটক’ ও ‘গুজব’ বলে মন্তব্য করেছেন ডাকসুর এজিএস ও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
তিনি বলেন, ছাত্রীদের ওপর হামলার প্রশ্নই আসে না। হামলার নাটক সাজিয়ে ছাত্রলীগের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা চলছে। গুজব পারদর্শিতার উপর ভিত্তি করে তথাকথিত ভুঁইফোড় সংগঠনের উদ্ভব হয়েছে।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, এগুলো আকাশ-কুসুম অভিযোগ। গতকাল আপনারা দেখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়েছে। সেখানে দেখবেন, প্রভোস্টের সঙ্গে যে কথোপকথন, সে স্বীকার করেছে তার ভুল ছিল, তাদের প্রক্রিয়া ভুল ছিল।
তিনি বলেন, বাইরে এসে সে সাংবাদিকদের বলেছে, কোনো নারী শিক্ষার্থী সেখানে যায়নি। ভেতরে আমরা ছবি দেখেছি। আবার প্রভোস্ট অফিসে যখন যায়, তখন ছাত্রী নিয়ে যায়। পরে সে বলে, তার সঙ্গে ছাত্রী ছিল না। তার বক্তব্যে দোদুল্যমানতা রয়েছে। কোনো অবস্থাতেই এটা প্রত্যাশা করি না।
সাদ্দাম হোসেন বলেন, ডাকসুর ভিপি নুরুল হক নুর সেখানে তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য গিয়েছিলেন। তাকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান ডাকসুর এজিএস।
প্রসঙ্গত, সোমবার রাতে মো. ফরিদ হাসানকে পিটিয়ে আহত করার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে গেলে ভিপি নুরসহ অন্য শিক্ষার্থীরা অবরুদ্ধ ও লাঞ্ছিত হন।
এ সময় শামসুন নাহার হলের ভিপি তাসনিম আফরোজ ইমি, ডাকসুর ভিপি প্রার্থী অরণি সেমন্তি খানসহ কয়েকজনের ওপরও হামলার অভিযোগ ওঠে।