ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 July, 2026, 4:21 PM

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের একটি সমুদ্রসৈকতে হঠাৎ ভেসে এসেছে রহস্যময় ছয়টি বিশাল ধাতব গোলক। আকাশ থেকে পড়া এই অদ্ভুত বস্তুগুলোকে ঘিরে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে। বিষাক্ত বা দাহ্য রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ ইতোমধ্যে সৈকতের একটি অংশ জুড়ে ৫০ মিটারের বিশেষ নিরাপত্তা বলয় (রেড জোন) ঘোষণা করেছে। প্রাথমিকভাবে এগুলোকে কোনো রকেট বা মহাকাশযানের অবশিষ্টাংশ বা 'মহাকাশ বর্জ্য' বলে ধারণা করছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি (এএসএ)।

কুইন্সল্যান্ডের টাউনসভিল শহরের উত্তরে অবস্থিত ফরেস্ট বিচে গত শনি ও রবিবার এই ধাতব গোলকগুলো প্রথম সাধারণ মানুষের নজরে আসে। কুইন্সল্যান্ডের ফায়ার সার্ভিস বিভাগ রবিবার জানায়, দুর্ঘটনা এড়াতে সৈকত এলাকায় ৫০ মিটারের একটি 'নিরাপত্তা বলয়' বা রেড জোন বজায় রাখা হয়েছে। একই সঙ্গে তারা স্থানীয় বাসিন্দাদের কোনো সন্দেহজনক বস্তু স্পর্শ না করার অনুরোধ জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন চলছে যে, গোলকগুলো সম্ভবত মহাকাশযানের প্রোপেল্যান্ট ট্যাংক বা জ্বালানি ট্যাংক। ফলে এর ভেতরে অত্যন্ত দাহ্য বা রাসায়নিকভাবে সক্রিয় পদার্থের অবশিষ্টাংশ থাকতে পারে।

বিপজ্জনক কোনো রাসায়নিকের উপস্থিতি থাকতে পারে এমন আশঙ্কায় পিপিই বা সুরক্ষামূলক পোশাক পরা কর্মীদের পুলিশের পাহারায় গোলকগুলোকে বিশেষ 'হ্যাজম্যাট ব্যারেলে' (ঝুঁকিপূর্ণ বর্জ্যের পাত্র) রাখতে দেখা গেছে।

এদিকে গোলকগুলোর প্রাথমিক উৎস ও বৈশিষ্ট্য খতিয়ে দেখে গত সোমবার এএসএ জানিয়েছে, এগুলোকে দেখে 'মহাকাশযান উৎক্ষেপণকারী যানের প্রেসার ভেসেল' (চাপ নিয়ন্ত্রণকারী পাত্র) বলে মনে হচ্ছে। সংস্থাটির ধারণা, কোনো একটি বিদেশি রকেটের বর্জ্য সম্প্রতি কক্ষপথ থেকে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করার সময় খসে পড়েছে এবং এগুলো সেটিরই অংশ। তবে উৎক্ষেপণকারী রকেটটি সুনির্দিষ্টভাবে কার, তা নিশ্চিত করার জন্য তারা আন্তর্জাতিক মহাকাশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

ফরেস্ট বিচ টেকঅ্যাওয়ের মালিক লিসা স্কোবি বলেন, এই গোলকগুলোর উৎস জানতে পুরো এলাকার মানুষ কৌতূহলী হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবিসি-কে তিনি বলেন, 'জায়গাটি খুবই শান্ত, এখানে সাধারণত তেমন কিছুই ঘটে না। ফলে হঠাৎ এত বড় তৎপরতা অবশ্যই এলাকার মানুষের মধ্যে কিছুটা উত্তেজনা ও কৌতূহল তৈরি করেছে।'

অস্ট্রেলিয়ার উপকূলে এ ধরনের রহস্যময় বস্তু খুঁজে পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের কাছে একটি সৈকতে ভেসে আসা বিশালাকার ধাতব গম্বুজ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল।

পরবর্তীতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নিশ্চিত করে যে, ওটি তাদের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি) রকেটের খসে পড়া অংশ ছিল।

এছাড়া ২০১১ সালে আফ্রিকার নামিবিয়ার এক প্রত্যন্ত তৃণভূমিতেও হুবহু এই গোলকগুলোর মতো দেখতে একটি ধাতব বস্তু পাওয়া গিয়েছিল। সে সময় বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, বস্তুটি সম্ভবত কোনো রকেটের জ্বালানি ট্যাংক ছিল, যার ভেতরে অত্যন্ত বিপজ্জনক এবং উদ্বায়ী জ্বালানি 'হাইড্রাজিন' রয়ে গিয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status