ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
রাইস কুকারের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, সরিষাবাড়ীতে বসতঘর পুড়ে ছাই
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Sunday, 5 July, 2026, 7:30 PM

রাইস কুকারের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, সরিষাবাড়ীতে বসতঘর পুড়ে ছাই

রাইস কুকারের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, সরিষাবাড়ীতে বসতঘর পুড়ে ছাই

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে রাইস কুকারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী, ধান-চাল, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় মো. রহমত মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির ভেতরে ব্যবহৃত একটি রাইস কুকারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্টি হলে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, খাদ্যসামগ্রী, ধান-চাল, নগদ অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে যায়।

আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত রহমত মিয়া বলেন, "আগুনে আমাদের ঘরের সবকিছু পুড়ে গেছে। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে চরম দুর্ভোগের মধ্যে আছি।"

ডোয়াইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, "অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।"

স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা নিয়মিত বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা ও নিরাপদে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status