|
মোদির স্তুতি গাইতে গিয়ে ট্রাম্প ফেরেশতা ও খুনী বললেন মোদিকে, নেপথ্যে কী?
নতুন সময় ডেস্ক
|
![]() জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ানে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প মন্তব্য করেন, আপাতদৃষ্টিতে মোদিকে শান্ত ও বিনয়ী মনে হলেও তিনি আসলে অত্যন্ত ইস্পাতকঠিন মনোভাবের একজন রাষ্ট্রনায়ক। ট্রাম্প বলেন, মোদি আলোচনার টেবিলে খুবই শক্ত অবস্থান নেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, তার হোয়াইট হাউসের মেয়াদে নয়াদিল্লি সবসময় ওয়াশিংটনকে একটি বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে পাবে। খানিকটা রসিকতার সুরে ভারতীয় প্রধানমন্ত্রীর স্তুতি গেয়ে ট্রাম্প বলেন, মোদির অবয়ব অত্যন্ত সুন্দর, ঠিক যেন এক দেবদূত। অথচ বাস্তব ক্ষেত্রে তিনি একজন ‘খুনীর’ মতোই কঠোর। এমন বৈচিত্র্যময় চরিত্রের মানুষ সচরাচর চোখে পড়ে না। মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, আমেরিকার মাটিতে ভারতের ভাবমূর্তি বেশ ইতিবাচক এবং মোদির প্রতি তার প্রশাসনের রয়েছে অগাধ সম্মান। তিনি বলেন, মোদি যেমন তার দেশের সাধারণ মানুষকে ভালোবাসেন, তেমনই তিনি আমেরিকারও একজন অকৃত্রিম বন্ধু। নয়াদিল্লির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, ভারত যদি কখনো বহিরাগত কোনো হামলার মুখোমুখি হয় এবং দেশটির নেতৃত্বে মোদি থাকেন, তবে ওয়াশিংটন অবশ্যই তাদের পাশে এসে দাঁড়াবে। পাল্টা জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তা দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে। মোদি তার বক্তব্যে আরও যোগ করেন, বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সর্বদা উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি। আলোচনাকালে উভয় নেতাই তাদের মধ্যকার দীর্ঘদিনের সুমধুর ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করেন। সেই সঙ্গে ট্রাম্প আগামীতে ভারত সফরে যাওয়ার তীব্র ইচ্ছের কথা জানান। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনীতি এবং সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক সংকট নিয়ে দুই বিশ্বনেতা বিস্তারিত আলোচনা করেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত অত্যন্ত প্রভাবশালী ভূমিকা রাখছে এবং আগামী দিনগুলোতেও এই ধারা বজায় থাকবে। সূত্র: এনডিটিভি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
