|
গাজীপুরে ৯৪ ব্যাচের এক হাজার বন্ধুর মিলনমেলা, সমাজসেবায় একসঙ্গে পথচলার অঙ্গীকার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে ৯৪ ব্যাচের এক হাজার বন্ধুর মিলনমেলা, সমাজসেবায় একসঙ্গে পথচলার অঙ্গীকার দিনব্যাপী আয়োজনে গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুরা একে অপরের সঙ্গে স্মৃতিচারণে মেতে ওঠেন। অনুষ্ঠানজুড়ে ছিল পরিচয়পর্ব, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, বিনোদনমূলক আয়োজন এবং প্রাণবন্ত আড্ডা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিকেলের ঐতিহ্যবাহী আম-কাঁঠাল-মুড়ি উৎসব। মৌসুমি ফলের সঙ্গে গ্রামীণ ঐতিহ্যের এই আপ্যায়ন অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। আনন্দঘন মুহূর্তগুলো সবাই ক্যামেরাবন্দি করে স্মৃতির পাতায় ধরে রাখেন। মিলনমেলায় অংশ নেওয়া ৯৪ ব্যাচের সদস্যরা জানান, বর্তমানে তাদের অনেকেই ব্যবসা, প্রশাসন ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। দীর্ঘদিন পর এক ছাতার নিচে একত্রিত হয়ে তারা উপলব্ধি করেছেন—বন্ধুত্বের এই শক্তিকে সমাজকল্যাণমূলক কাজে লাগানো সম্ভব। তাদের ভাষ্য, শুধু পুনর্মিলন নয়, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং মানবিক মূল্যবোধকে আরও বিস্তৃত করাই হবে এই বন্ধনকে টিকিয়ে রাখার মূল লক্ষ্য। আয়োজন কমিটির আহ্বায়ক কায়সার আজাদ বলেন, "আমাদের ব্যাচের অধিকাংশ বন্ধুই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা চাই এই সম্মিলিত শক্তিকে সমাজ ও মানবতার কল্যাণে কাজে লাগাতে। এ উদ্দেশ্যে একটি স্থায়ী তহবিল গঠন করা হবে, যেখান থেকে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ডে সহায়তা দেওয়া হবে।" বন্ধুত্ব, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার অনন্য সমন্বয়ে আয়োজিত এই মিলনমেলা অংশগ্রহণকারীদের কাছে হয়ে ওঠে স্মরণীয় এক আয়োজন, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক উদ্যোগের ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
