ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুপ্তচরবৃত্তির অভিযোগ
গুগলবিহীন বৈশ্বিক নিষেধাজ্ঞা বিতর্কের বোঝা নিয়েই বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 3:14 PM

গুগলবিহীন বৈশ্বিক নিষেধাজ্ঞা বিতর্কের বোঝা নিয়েই বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

গুগলবিহীন বৈশ্বিক নিষেধাজ্ঞা বিতর্কের বোঝা নিয়েই বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

দীর্ঘ আট বছর পর বাংলাদেশের স্মার্টফোন বাজারে আবারও ব্যবসা শুরু করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। ডিক্স গ্রুপের মাধ্যমে (সোমবার ৮ জুন) আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন ও ট্যাবলেটসহ ১৩ ডিভাইস বিক্রির কার্যক্রম শুরুর ঘোষণা দিলেও প্রতিষ্ঠানটির প্রত্যাবর্তনকে ঘিরে নতুন করে সামনে চলে এসেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, নিরাপত্তা বিতর্ক এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার প্রশ্ন।

এক সময় বিশ্বের অন্যতম শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত হুয়াওয়ে ২০১৯ সালে বড় ধরনের ধাক্কা খায়। জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে মার্কিন সরকার প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের Entity List-এ অন্তর্ভুক্ত করে। ওয়াশিংটনের দাবি ছিল, হুয়াওয়ের প্রযুক্তি ও অবকাঠামো জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। যদিও হুয়াওয়ে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

মার্কিন নিষেধাজ্ঞার পরপরই গুগল হুয়াওয়ের নতুন ডিভাইসের জন্য Google Mobile Services (GMS) লাইসেন্স স্থগিত করে। এর ফলে প্লে স্টোর, জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপস, গুগল ড্রাইভসহ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল সেবাগুলো থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রতিষ্ঠানটির নতুন স্মার্টফোন। প্রযুক্তি বাজারে এটিই ছিল হুয়াওয়ের জন্য সবচেয়ে বড় আঘাত।

শুধু সফটওয়্যার নয়, উন্নত সেমিকন্ডাক্টর ও চিপ সংগ্রহেও কঠোর বাধার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ নীতির কারণে আধুনিক চিপ প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি হয়। এর ফলে কয়েক বছরের মধ্যেই বিশ্ব স্মার্টফোন বাজারে হুয়াওয়ের অবস্থান নাটকীয়ভাবে দুর্বল হয়ে পড়ে।

নিষেধাজ্ঞার প্রভাব টেলিযোগাযোগ খাতেও পড়ে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেনসহ একাধিক দেশ তাদের ৫-জি নেটওয়ার্কে হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহারে নিষেধাজ্ঞা বা কঠোর সীমাবদ্ধতা আরোপ করে। নিরাপত্তা ও তথ্য সুরক্ষার প্রশ্ন তুলে নেওয়া এসব সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে।

এমন বাস্তবতায় বাংলাদেশের বাজারে হুয়াওয়ের প্রত্যাবর্তনকে অনেকেই সহজ ঘটনা হিসেবে দেখছেন না। প্রশ্ন উঠছে, গুগলবিহীন স্মার্টফোন নিয়ে প্রতিষ্ঠানটি কীভাবে এমন একটি বাজারে প্রতিযোগিতা করবে, যেখানে ব্যবহারকারীরা গুগলনির্ভর অ্যাপ ও সেবার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল?
 
পুলিশ প্লাজায় মোবাইল কিনতে আসা শামীম বলেন, হুয়াওয়ের নাম শুনলেই এখন অনেকের মনে মার্কিন নিষেধাজ্ঞা, গুগল সেবা বন্ধ হয়ে যাওয়া এবং নিরাপত্তা বিতর্কের বিষয়গুলো সামনে আসে। একসময় বাজারে শক্ত অবস্থান থাকলেও সেই আস্থা ফিকে হয়েছে। বাংলাদেশে ফিরে এলেই গ্রাহকরা গ্রহণ করবে—এমনটা ভাবার সুযোগ নেই। হারানো বিশ্বাস ফিরে পেতে হুয়াওয়েকে কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে।

প্রযুক্তি বাজার সংশ্লিষ্টদের প্রশ্ন, যে ব্র্যান্ডের ফোন কিনে ব্যবহারকারীকে প্রথমেই গুগল সেবা না থাকার সমস্যার মুখোমুখি হতে হয়, সেই ব্র্যান্ড কীভাবে বাংলাদেশের প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকবে?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status