ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুলিশ বক্সের ভেতরেই সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 June, 2026, 9:39 PM

পুলিশ বক্সের ভেতরেই সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

পুলিশ বক্সের ভেতরেই সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ ও মহাসড়কের যানজটের চিত্র তুলে ধরে লাইভ সম্প্রচার শেষ করেছিলেন টেলিভিশন সাংবাদিক হোসাইন আলী বাবু। এরপর ফুটেজ সম্পাদনার জন্য আশ্রয় নেন চান্দনা চৌরাস্তা মোড়ের একটি পুলিশ বক্সে। কিন্তু যে স্থাপনাটি নিরাপত্তার প্রতীক, সেখানেই হামলার শিকার হতে হলো তাকে।

শনিবার (৬ জুন) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় গাজীপুরের সাংবাদিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এক যুবক পুলিশ বক্সে ঢুকে প্রথমে সাংবাদিকের পরিচয় জানতে চায়। কিছুক্ষণ পর কোনো পূর্বাভাস ছাড়াই তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।

হামলার সময় সাংবাদিকের চিৎকার শুনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীকে আটক করা হয় এবং আহত হোসাইন আলী বাবুকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হোসাইন আলী বাবু জানান, লাইভ সম্প্রচার শেষে তিনি পুলিশ বক্সে বসে ল্যাপটপে সংবাদসম্পর্কিত কাজ করছিলেন। এ সময় অপরিচিত এক ব্যক্তি কয়েকবার পরিচয় জানতে চাইলে তিনি বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি হামলা চালাবে, তা তিনি কল্পনাও করেননি।

ট্রাফিক পুলিশ সদস্য তাজউদ্দিন বলেন, তিনি বক্সের সামনেই দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ভেতর থেকে চিৎকার ও শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন, এক যুবক সাংবাদিককে মারধর করছে। হামলাকারী একটি চেয়ার তুলে মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তাকেও আঘাতের মুখে পড়তে হয়।

স্থানীয়দের অভিযোগ, চান্দনা চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকসেবী, ছিনতাইকারী ও অপরাধী চক্রের বিচরণ রয়েছে। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের প্রায়ই ঝুঁকির মুখে পড়তে হয়।

তারা স্মরণ করিয়ে দেন, গত বছরের ৭ আগস্ট একই এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহীনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল। অভিযোগ রয়েছে, একটি সন্ত্রাসী চক্রের চাঁদাবাজির ভিডিও ধারণ করায় তাকে ভিডিও মুছে ফেলতে বলা হয়। অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

এমন প্রেক্ষাপটে পুলিশ বক্সের ভেতরে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

গাজীপুরে কর্মরত সাংবাদিকদের ভাষ্য, এটি শুধু একজন সংবাদকর্মীর ওপর হামলা নয়; বরং তথ্য সংগ্রহ ও স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের পরিবেশের ওপরও আঘাত। মাঠপর্যায়ে নিরাপত্তাহীনতা তৈরি হলে সত্য উদঘাটনের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, আটক যুবকের নাম জুয়েল রানা (২৮)। তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। তিনি ভবঘুরের মতো চান্দনা চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করতেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status