ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটমুক্ত রাখতে প্রশাসনের উদ্যোগ, বাড়ছে নজরদারি
মোহাম্মদ আলী বাবুল , শ্রীপুর
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 6:42 PM

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটমুক্ত রাখতে প্রশাসনের উদ্যোগ, বাড়ছে নজরদারি

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটমুক্ত রাখতে প্রশাসনের উদ্যোগ, বাড়ছে নজরদারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং বন্ধ এবং হকার উচ্ছেদে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

আজ মঙ্গলবার (১৯ মে)  মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে আয়োজিত মতবিনিময় সভায় পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ঈদকে সামনে রেখে লাখো মানুষ এই মহাসড়ক ব্যবহার করবে। কোনোভাবেই মহাসড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। মাওনা চৌরাস্তা যানজটমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন,মহাসড়কে অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র গাড়ি থামানো এবং হকারদের কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। ঈদের আগে এসব নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুইঁয়া। তিনি বলেন, ঈদের সময় মাওনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। মহাসড়কের পাশে অবৈধভাবে পশুর হাট বা দোকান বসিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

গাজীপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. হামিদুজ্জামান বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ২৪ ঘণ্টা টহল ও মনিটরিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং অবৈধ থ্রি-হুইলার চলাচল ও যত্রতত্র গাড়ি থামানো, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ, মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, মাওনা চৌরাস্তার আশপাশে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট বসানো, অপরিকল্পিত পার্কিং এবং যত্রতত্র যানবাহন থামানোর কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

সভায় উপস্থিত মার্কেট মালিক, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে মহাসড়কের পাশে যাতে কোনো অস্থায়ী পশুর হাট বা অবৈধ বাজার গড়ে উঠতে না পারে, সেদিকেও সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে প্রশাসন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status