নাটোরের লালপুর থেকে অস্ত্র ও একটি প্রাইভেটকার সহ ৪ জন আটক
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 4:04 PM
নাটোরের লালপুর থেকে অস্ত্র ও একটি প্রাইভেটকার সহ ৪ জন আটক
নাটোরের লালপুরে একটি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি,দুটি ম্যাগজিন ও একটি প্রাইভেটকার সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে থেকে অস্ত্র ও প্রাইভেটকার সহ তাদের আটক করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাতে মোবাইল ডিউটি করছিল পুলিশের একটি টিম। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন অস্ত্র সহ কয়েকজন ব্যক্তি আঞ্চলিক মহাসড়কে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের মোবাইল টিম পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশী করে। এমন সময় প্রাইভেটকার থেকে নেমে পালিয়ে যায় একজন। পরে প্রাইভেটকারে থাকা অন্যদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি, দুইটি লোহার তৈরি কালো রংয়ের ম্যাগাজিন উদ্ধার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে চিহ্নিতকরনসহ গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তি আইনগত প্রক্রিয়া চলমান। আটককৃতরা হল, পাবনার ঈশ্বরদীর পশ্চিমটেংরী গ্রামের মাহমুদ হাসান,সামিউল ইসলাম,কাজল ও লালপুরের গৌরীপুরের মনিরুজ্জামান।