|
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। আজ মঙ্গলবার তিনি নতুন প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে ১৪ মে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করা হয়। নতুন এ সিটি করপোরেশনের সীমানা—উত্তরে বগুড়া সদরের ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন, ৫ নম্বর রাজাপুর ইউনিয়নের অংশবিশেষ এবং ৬ নম্বর শাখারিয়া ইউনিয়ন; দক্ষিণে শাজাহানপুরের ১ নম্বর আশেকপুর ইউনিয়ন, ২ নম্বর মাদলা ইউনিয়ন ও ৩ নম্বর মাঝিড়া ইউনিয়ন; পূর্বে বগুড়া সদরের ২ নম্বর সাবগ্রাম ইউনিয়ন, ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন এবং শাজাহানপুরের ২ নম্বর মাদলা ইউনিয়ন; পশ্চিমে বগুড়া সদরের ১ নম্বর ফাঁপোড় ইউনিয়ন ও ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
