|
রাঙ্গামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য
চাই সুই উ মারমা, রাঙ্গামাটির
|
![]() রাঙ্গামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য শনিবার (১৬ মে) বিকেলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাঙ্গামাটি জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এই ডিজিটাল উদ্যোগের আওতায় শহরের সব সিএনজিচালিত অটোরিকশা ও চালকদের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে জেলায় নিবন্ধিত ১ হাজার ৪১৬টি সিএনজি অটোরিকশা এবং সহস্রাধিক চালকের বিস্তারিত তথ্য সংগ্রহ ও নিবন্ধন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত যানবাহনে কিউআর কোড সংবলিত ডিজিটাল স্টিকার সংযুক্ত করা হবে। পুলিশ জানায়, সিএনজিতে থাকা কিউআর কোড স্ক্যান করে একজন যাত্রী বা পর্যটক চালকের ছবি, নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। পাশাপাশি তারা পরিবহন সেবার মান সম্পর্কে রেটিং (মান যাচাই) প্রদান করতে পারবেন এবং যানবাহনের গতি, চালকের আচরণ বা সেবার মান নিয়ে মতামত জানাতে পারবেন। যাত্রীদের প্রদত্ত রেটিংয়ের ভিত্তিতে চালকদের সামগ্রিক মূল্যায়ন নির্ধারিত হবে। একই সঙ্গে যাত্রীদের মতামত বিশ্লেষণের মাধ্যমে দক্ষ ও ঝুঁকিপূর্ণ চালকদের চিহ্নিত করা সম্ভব হবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, রাঙ্গামাটিকে একটি আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এই ডিজিটাল উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। কিউআর কোড এবং অনলাইন বাস টার্মিনাল চালুর ফলে শুধু ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে না, বরং এখানে আসা দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও আস্থা বহুগুণ বৃদ্ধি পাবে। শুধু সড়কেই নয়, শৃঙ্খলা আনতে হবে কাপ্তাই হ্রদেও। কেউ যাতে হ্রদ দখল ও দূষণ করতে না পারে তার জন্য সবাইকে কাজ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধন শেষে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে রাঙ্গামাটি জেলা পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘নো হেলমেট, নো রাইড’ সংবলিত স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
