ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪ গোল খেয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কা লিভারপুলের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2026, 10:23 AM

৪ গোল খেয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কা লিভারপুলের

৪ গোল খেয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কা লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে এক রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। নিজেদের ঘরের মাঠে এই দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করলো দলটি। অন্যদিকে, এই হারের পর শীর্ষ চারের লড়াই তথা চ্যাম্পিয়ন্স লিগের জায়গা হারানোর শঙ্কায় লিভারপুল।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের দর্শকদের সামনে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় অ্যাস্টন ভিলা। একের পর এক আক্রমণের ফল তারা পায় প্রথমার্ধেরই ৪১ মিনিটে। যখন মরগান রজার্স চমৎকার এক গোলে ভিলাকে এগিয়ে নেন। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান অধিনায়ক ভারজিল ফন ডাইক।

তবে অলরেডদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি স্বাগতিকরা। সমতা ফেরার পরেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ভিলা। দলের প্রধান তারকা ওলি ওয়াটকিনস দেখান তার চেনা ফর্ম। ৫৬ মিনিটে দলকে আবারও এগিয়ে নেওয়ার পর, ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দিকে লিভারপুল যখন ঘুরে দাঁড়াতে মরিয়া, ঠিক তখন ৮৮ মিনিটে নিখুঁত এক ফিনিশিংয়ে ভিলার বড় জয় নিশ্চিত করেন জন ম্যাকগিন। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে (ইনজুরি টাইম) নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান ফন ডাইক। তবে তা কোনো কাজে আসেনি। ৪-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উনাই এমেরির শিষ্যরা।

এই জয়ে ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। তারা টপকে গেছে লিভারপুলকে, যাদের পয়েন্ট ৫৯। টানা খারাপ ফলের কারণে এখন চ্যাম্পিয়ন্স লিগের জায়গা হারানোর শঙ্কায় রয়েছে লিভারপুল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status