|
কর্ণফুলি টানেলকে কার্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন
নতুন সময় প্রতিবেদক
|
![]() কর্ণফুলি টানেলকে কার্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন বুধবার (১৫ এপ্রিল) চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন সেতু সচিব। তিনি টানেলের আয় বৃদ্ধি এবং অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের জেটি সরেজমিনে দেখেন এবং পরে টানেলের টোল আয় বাড়াতে জেটির বহুমুখী ব্যবহারসহ রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সেতু সচিব বলেন, কর্ণফুলী ড্রাই ডক জেটির সঙ্গে টানেলের সংযোগ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে টানেলের ব্যবহারকারী বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে রাজস্বের পরিমাণ বাড়ানো সম্ভব। এই পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। টানেলের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির হেলথ মনিটরিং ইকুইপমেন্ট স্থাপন করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে টানেলের বায়ু চলাচল, ভূমিকম্পন সহনশীলতা এবং ফাটল বা ত্রুটি রিয়েল-টাইম ডাটার মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তিনি প্রকৌশলীদের বলেন, টানেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে কোনো ধরনের ত্রুটি কাম্য নয়। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বের উন্নত দেশের মতো আমাদের এই মেগা প্রকল্পের সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে এই সংবেদনশীল যন্ত্রাংশ স্থাপনের কাজ শেষ করতে হবে। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কর্ণফুলী টানেল সাইট অফিসের কর্মকর্তারা এবং কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
