|
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() শাপলা চত্বর হত্যাযজ্ঞ: এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হতে যাচ্ছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই ঘটনায় তার প্রাথমিক সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় তাকে এ মামলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। প্রসিকিউশন জানায়, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে চালানো অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সময় চৌধুরী আবদুল্লাহ আল মামুন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে ওই সময়কার নারকীয় কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর বলেন, "আসলে কারা কারা আসামি হতে যাচ্ছেন, তা এখনই পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারছি না। তবে তদন্তে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ অনেক কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে তদন্ত সংস্থা পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে বলে আমরা আশাবাদী।" বিচারের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, "শাপলা চত্বরে ঘটে যাওয়া ওই নারকীয় হত্যাকাণ্ড গোটা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় যাদেরই সম্পৃক্ততা মিলবে, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। অপরাধী সিভিলিয়ান কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য—যিনিই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।" বর্তমানে এই মামলাটি তদন্তাধীন রয়েছে। গত ৫ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন। এই মামলায় বর্তমানে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ৫ বছরের কারাদণ্ড নিয়ে বর্তমানে কারাবন্দি রয়েছেন। এবার তিনি ২০১৩ সালের ওই ঐতিহাসিক হত্যাযজ্ঞের মামলায় নতুন করে আসামির তালিকায় যুক্ত হচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
