|
স্টেডফাস্ট কুরিয়ারে বড় ধরনের ‘ডেটা ব্রিচ’: ২ হাজার ডলারে বিক্রি হচ্ছে গ্রাহকের তথ্য
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্টেডফাস্ট কুরিয়ারে বড় ধরনের ‘ডেটা ব্রিচ’: ২ হাজার ডলারে বিক্রি হচ্ছে গ্রাহকের তথ্য সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ফাঁস হওয়া তথ্যের পরিমাণ ও ধরনের কারণে এটি দেশের কুরিয়ার খাতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে উদ্বেগজনক ডেটা ব্রিচগুলোর একটি হতে পারে। অভিযোগ রয়েছে, এই ডেটাবেজে বিপুল সংখ্যক গ্রাহক ও মার্চেন্টের সংবেদনশীল তথ্য সংরক্ষিত ছিল। বিশ্লেষণে জানা গেছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের নাম ও মোবাইল নম্বর, যা ব্যবহার করে সহজেই প্রতারকরা ভুয়া কল বা মেসেজ পাঠাতে পারে। এছাড়া ই-কমার্স উদ্যোক্তা ও মার্চেন্টদের নাম, ঠিকানা এবং ব্যবসার ধরন সম্পর্কিত বিস্তারিত তথ্যও এই ডেটায় অন্তর্ভুক্ত রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ডেলিভারি হিস্টোরির মতো তথ্যও ফাঁস হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মাধ্যমে কোন এলাকা থেকে কোথায় পণ্য পাঠানো হয়েছে এবং লেনদেনের আর্থিক পরিমাণ সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব। এতে করে ব্যবসায়িক গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের ইমেইল ঠিকানা ও এনক্রিপ্টেড পাসওয়ার্ড ফাঁস হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও পাসওয়ার্ডগুলো সরাসরি ব্যবহারের উপযোগী নাও হতে পারে, তবুও এগুলো ভেঙে ফেলার মাধ্যমে অ্যাকাউন্টে অনুপ্রবেশের ঝুঁকি থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় একটি ডেটাবেজ মাত্র ২ হাজার ডলারে বিক্রির জন্য উন্মুক্ত করা অত্যন্ত উদ্বেগজনক। এর অর্থ হলো, যে কেউ অল্প খরচে এই তথ্য কিনে ফিশিং স্ক্যাম, ভুয়া কুরিয়ার কল বা অনলাইন জালিয়াতির কাজে ব্যবহার করতে পারে। স্টেডফাস্ট কুরিয়ারের মাধ্যমে দেশের হাজার হাজার অনলাইন ব্যবসায়ী প্রতিদিন পণ্য ডেলিভারি করে থাকেন। ফলে এই ডেটা ফাঁসের প্রভাব শুধু প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারাদেশের ই-কমার্স খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা গ্রাহক ও মার্চেন্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অপরিচিত নম্বর থেকে আসা কল, সন্দেহজনক পেমেন্ট রিকোয়েস্ট বা ওটিপি শেয়ার করার বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ঘটনার পূর্ণ তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
