কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটি খননের সময় মরিচাধরা একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর রাতে পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার জমিতে বুধবার বিকেলে খাল খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকেরা মাটির নিচে ধাতব একটি বস্তু দেখতে পান। বস্তুটি সন্দেহজনক মনে হলে তাঁরা সেটি জমির মালিকের কাছে জমা দেন।
পরে বিষয়টি ভূরুঙ্গামারী থানাকে জানানো হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুটির মাথায় ‘PGF’ লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিক্ষিপ্ত কোনো গ্রেনেড বা মর্টারশেল হতে পারে, যা বিস্ফোরিত না হয়ে দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে ছিল।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, উদ্ধার করা বস্তুটি থানার হেফাজতে রাখা হয়েছে। সেনাবাহিনী ও র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।